কোন অনিয়ম করলে প্রয়োজনে ভোট বন্ধ করে দেওয়া হবে-- জেলা প্রশাসক
Published : Tuesday, 7 June, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। এ ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। ভোট কেন্দ্রে কোন প্রকার জালিয়াতি ও অনিয়ম করলে প্রয়োজনে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। আমরা এ সবের সঙ্গে কোন কম্প্রোমাইজ করবো না।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোন প্রয়োজনে আমরা র্যাব এবং বিজিবিকে মাঠে নামাব। কেউ কোন ধরণের সহিংসতা বা নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করলে তাৎক্ষনিক তা আইনি প্রক্রিয়ায় প্রতিহত করা হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন কারীদেরকে প্রতিহত করতে প্রতিনিয়ত মোবাইল টিম কাজ করছে।
তিনি আরো বলেন, নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এখানে কোন প্রতিহিংসার সুযোগ নেই। নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ ভোগ করবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নির্বাচনী এলাকায় নজরধারী রয়েছে। আমরা আশাবাদী ভোটাররা নিরাপদে ভোট দিতে আসবেন এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যাবেন। এ জন্য সব ধরনের ব্যাবস্থা রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দুলাল তালুকদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার পীযূষ চন্দ্র দাস।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমূল হুদা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ শিকদার, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, প্রিজাইডিং কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার ও নারী মেম্বার প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন মুরাদনগর সদর ইউনিয়ন ও শ্রীকাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তাবিত পৌরসভার সীমানা সংক্রান্ত জটিলতায় মুরাদনগর সদর ইউপি নির্বাচন বন্ধ ছিল। ৩ বার দিন-তারিখ হয়েও মহামান্য হাইকোর্টের আদেশের কারণে ভোট গ্রহন সম্ভব হয়নি। অপর দিকে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে শ্রীকাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত সাধারণ সদস্য জলিল মিয়া শপথের আগের দিন মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়।