ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শ্রীলঙ্কা যাচ্ছে অস্ট্রেলিয়ার চার দল
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM, Update: 30.04.2022 12:12:25 AM
টি-টোয়েন্টিতে একটি জায়গা ‘ফাঁকা’। কুড়ি ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকে। অন্যদিকে সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নেই অ্যাডাম জাম্পা। এছাড়া সাদা বলের ক্রিকেটে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দল থাকছে শ্রীলঙ্কা সফরে। টেস্টে তো সেরা দলটা আছেই। শ্রীলঙ্কা সফরে তিন টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া দল। এজন্য তিন ফরম্যাটের জন্য আলাদা দল ঘোষণা করেছে। একই সঙ্গে শ্রীলঙ্কায় যাবে অস্ট্রেলিয়া ‘এ’ দলও। অর্থাৎ, অস্ট্রেলিয়ার চার দল একই সঙ্গে সফর করবে দ্বীপ দেশটিতে।
সবশেষ পাকিস্তান সফরে টেস্টে পূর্ণ শক্তির দল খেললেও সীমিত ওভারের ক্রিকেটে ছিলেন না নিয়মিত অনেকেই। গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, ঝাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন খেলেননি সাদা বলের ক্রিকেট। তারা ফিরেছেন সবাই। যদিও ঝাই ও কেন রিচার্ডসনকে নেওয়া হয়েছে শুধু টি-টোয়েন্টি স্কোয়াডে।
৭ জুন কলম্বোর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার লড়াই। ১৪ জুন পাল্লেকেলে শুরু ওয়ানডে সিরিজ। আর ২৯ জুন গলে শুরু হবে টেস্টের লড়াই।