আজ থেকে বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম
Published : Friday, 29 April, 2022 at 12:00 AM
কুবি প্রতিনিধি: মে দিবস, শবে ক্বদর, ইদ উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৭ দিন বন্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী। তিনি বলেন, রবিবার থেকে আগামী ১৫ মে পর্যন্ত আমাদের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে ২২ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম বন্ধ যায়। তবে কয়েকটি বিভাগ বন্ধেও চূড়ান্ত পরীক্ষা চালু রাখে।
এদিকে আবাসিক হল খোলা থাকার বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মো. মিজানুর রহমান বলেন, আমরা হলগুলোতে নোটিশ দিয়েছি। আজ বিকাল তিনটা থেকে হল বন্ধ থাকবে। তবে হলে কোন শিক্ষার্থী অবস্থান করতে চাইলে তাদেরকে রেজিস্ট্রার খাতায় স্বাক্ষর করে অবস্থান করতে হবে।
বহিরাগতদের প্রবেশে বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মাহবুবল হক ভূঁইয়া বলেন, আমাদের সকল প্রবেশদ্বারে আনসার সদস্য থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনার এবং মসজিদসহ যে সকল জায়গায় লোক সমাগম কম সেখানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, করোনাকালীন সংকট কাটিয়ে উঠতে ডিজেস্টার রিকোভারি প্ল্যানের অন্তর্ভুক্ত হিসেবে রমজানে শিক্ষা কার্যক্রম চালু রাখে বিশ্ববিদ্যালয়টি।