ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আল্লাহ যাতে অসন্তুষ্ট হন তা-ই বর্জনীয়
Published : Friday, 29 April, 2022 at 12:00 AM
মুফতি আতাউর রহমান   ||
মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ যে কথা, কাজ, বিশ্বাস ও সত্তার প্রতি অসন্তুষ্ট সেও তাতে অসন্তুষ্ট হয় এবং তা অপছন্দ করে। ফলে সে আল্লাহ, তাঁর রাসুল ও মুমিনদের শত্রুদের ঘৃণা করে, তাদের প্রতি ক্ষুব্ধ হয় ও শত্রুতা পোষণ করে। আল্লাহর অপছন্দনীয় সব কিছুই মুমিন পরিহার করে চলে।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদের জন্য ইবরাহিম ও তার অনুসারীদের মধ্যে আছে উত্তম আদর্শ।
যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের মানি না। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য। যদি না তোমরা এক আল্লাহতে ঈমান আনো।’ (সুরা মুমতাহিনা, আয়াত : ৪)
উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় সমকালের আলেমরা বলেন, শত্রুতা ও বিদ্বেষ দ্বারা আত্মিক দূরত্ব উদ্দেশ্য। সংঘাত ও সংঘর্ষ উদ্দেশ্য নয়-যদি না অবিশ্বাসীরা মুসলিম সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত হয়। অর্থাৎ কোনো মুমিন কোনো অবিশ্বাসীকে অন্য একজন মুমিনের মতো অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না, পরস্পরের দায় গ্রহণ করবে না। ঈমানই হবে মুমিনের আত্মিক বন্ধনের মূলভিত্তি। ইরশাদ হয়েছে, ‘মহান হজের দিনে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ হতে মানুসের প্রতি তা এক ঘোষণা যে নিশ্চয়ই মুশরিকদের সম্পর্কে আল্লাহ দায়মুক্ত এবং তাঁর রাসুলও।’ (সুরা তাওবা, আয়াত : ৩)
মুসলিমরা শুধু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আল্লাহর পছন্দ ও অপছন্দের বিবেচনা করবে না, বরং কাজে-কর্মেও আল্লাহর পছন্দ-অপছন্দের বিবেচনা করবে। এটা মুমিনের প্রতি আল্লাহর অনুগ্রহস্বরূপ। আল্লাহ বলেন, ‘কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন এবং তাকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন। কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে করেছেন তোমাদের কাছে অপ্রিয়। তারাই সৎপথ অবলম্বনকারী আল্লাহর দান ও অনুগ্রহস্বরূপ; আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ’ (সুরা হুজরাত, আয়াত : ৭-৮)
আল-মাউসুয়াতুল আকাদিয়া