Published : Monday, 4 April, 2022 at 12:00 AM, Update: 04.04.2022 12:03:08 AM

শাহীন আলম, দেবিদ্বার।
নিউইয়র্কের শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের অর্থায়নে নির্মিত ঘর উপহার পেয়ে আনন্দে কেঁদে ফেলেছেন বৃদ্ধা রেখা রানী আচার্য্য। রেখা রানী আচার্য্য দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রবীণ আওয়ামীলীগ নেতা দিজেন্দ্র আচার্য্যরে মা। বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে রেখা রানী আচার্য্য ও তাঁর ছেলে দিজেন্দ্র চন্দ্র আচার্য্যকে ঘরের চাবি ও ঘরের মালামাল উপহার দেন ডা. ফেরদৌস খন্দকার। এসময় উপস্থিত ছিলেন ডা. ফেরদৌসের স্বেচ্ছাসেবী টীম, রেখারানী পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
চাবি হাতে দিয়ে অনুভূতি জিজ্ঞাসা করলে ডা. ফেরদৌসকে জড়িয়ে ধরে আনন্দে অঝোর ধারায় কেঁদে ফেলেন ষাটোর্ধ্ব এই বৃদ্ধা। প্রায় ৩ মিনিট স্তব্ধ হয়ে যায় পরিবেশ। কিছু সময় পর স্বাভাবিক হয়ে ঘরে ঢুকে মনভরে দেখলেন জীবনের শেষ সময়ের স্থায়ী ঠিকানাটি।
বৃদ্ধা রেখা রানী বলেন, মাথা গুজার একটি ছাউনি ঘর ছিলো, অসহায় অবস্থায় দিন কাটতো আমাদের। কোথায় থেকে যেন ভগবান তাকে আমাদের কাছে পাঠিয়েছেন ভাবতেই পারছি না। তিনি আমাদের সবকিছু আপন করে নিয়ে আমাদের একটি ঘর ও খাট, লেপ-তোষক, হাড়ি পাতিল, ওয়ারড্রপসহ ঘরের যাবতীয় মালামাল উপহার দিয়েছেন। ভগবান তার দীর্ঘায়ু করুন।
ঘর উপহার পেয়ে খুশি রেখা রানীর ছেলে দিজেন্দ্র চন্দ্র আচার্য্য। তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন ডা. ফেরদৌস খন্দকার। ঘরসহ ঘরের যাবতীয় মালামাল তিনি নিজে নিয়ে এসেছেন। কি খুশি হয়েছি তা বলে বুঝাতে পারব না। বলে তিনিও কেঁদে ফেলেন।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার এমনই একটি স্বনির্ভর বাংলাদেশ চেয়েছেন যেখানে আশ্রয়হীন কেউ থাকবে না। সে আলোকে তিনি আশ্রয়হীনদের জমিসহ ঘর উপহার দিচ্ছেন। একজন প্রধানমন্ত্রী মানুষের জন্য একা কত করবেন। তাঁর এ মানবিক কাজে যদি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসেন তাহলে আরও আগেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। অসহায় আওয়ামীলীগের সমর্থক দিজেন্দ্র চন্দ্রের খবর পেয়ে তাকের ঘরসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র দেওয়া হয়েছে। আমি আমার এ কাজ দিয়ে চেষ্টা করে যাচ্ছি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর।