ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘মাথার খুলি খুলে রাখা’ চমেকের সেই শিক্ষার্থীর দ্বিতীয় অস্ত্রোপচার
Published : Tuesday, 29 March, 2022 at 12:00 AM
পাঁচ মাস আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাহাদি জে আকিবের মাথার খুলির হাড়ের অংশ প্রতিস্থাপন করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তত্ত্বাবধানে আকিবের মাথায় দ্বিতীয় এ অস্ত্রোপচার করা হয়। গত ৩০ অক্টোবর তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।
আকিবের মস্তিস্কে অস্ত্রোপচারকারী চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, “সকাল ৯টা থেকে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত অপারেশন করেছি। সফলভাবে মাথার খুলির হাড়টি প্রতিস্থাপন করা হয়েছে। এখন তাকে পোস্ট অপারেটিভ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
চমেক ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে কলেজের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারি হয় ২৯ অক্টোবর রাতে। এর জের ধরে পরদিন ৩০ অক্টোবর দুপুরে আবার সংঘর্ষ হয়।
সেদিন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আকিবকে ক্যাম্পাসের অদূরে পপুলার ডায়গনস্টিক সেন্টারের সামনে একা পেয়ে ধারালো অস্ত্র, স্ট্যাম্প, রড, ছুরি ও কাঁচের বোতল নিয়ে তার উপর হামলা চালানো হয় বলে তার পক্ষের নেতাকর্মীদের দাবি।
এতে মাথার ডান দিকে গুরুতর আঘাত পান আকিব। প্রথম অস্ত্রোপচারের সময় তার মাথার খুলির একটি অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়েছিল।
প্রথম অস্ত্রোপচারের পর ডা. নোমান খালেদ চৌধুরী জানিয়েছিলেন, কৃত্রিম ‘ডুরামেটার’ দিয়ে মস্তিকের পর্দা তৈরি করা হয়। হাড়টা তখন সেখানে দেওয়া যায়নি। দিলে মস্তিকের ওপর চাপ তৈরি হবে। সেজন্য সেটা বের করে নিয়ে পেটের চামড়ার নিচে আলাদা করে রাখা হয়।
প্রথম অস্ত্রোপচারের ১৯ দিন পর গত বছরের ১৮ নভেম্বর বাড়ি ফিরে যান আকিব।
গত ২ মার্চ চমেক হাসপাতালে ভর্তি হয়ে দ্বিতীয় অস্ত্রোপচারের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয় তার।