ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার চকবাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া
র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৮
Published : Sunday, 20 March, 2022 at 12:00 AM, Update: 20.03.2022 2:31:37 AM
র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৮নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ার ঘটনায় ভিডিও ফুটেজে শনাক্তকৃত আরও দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার সকালে নগরীর পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এদিকে ওই ঘটনার পর থেকে গত এক সপ্তাহে ৮ জনকে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব এবং পুলিশ। উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্র।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে নারায়ণগঞ্জ ও কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজ্জাক, গর্জনখোলা এলাকার মো. হৃদয় (২১), উত্তরচর্থা তেলাপুকুরপাড় এলাকার মো. নিজাম উদ্দিন মিঠু (২২), সংরাইশ এলাকার মো. সজিব মিয়া (২৯) ও চকবাজার বালুধুম এলাকার ছেলে মো. নাজমুল হাসান দীপু (৩২ কে গ্রেপ্তার করে র‌্যাব। গত ১৩ মার্চ রাতে অভিযান চালিয়ে পিস্তলসহ সহিদুর রহমান সজিব (৩২) নামের এক যুবককে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৩ মার্চ নগরীর চকবাজার গর্জনখোলা এলাকায় দুই পক্ষ প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত দুইজনকে দুটি রামদাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর কাটাবিল এলাকার আবু হানিফ ওরফে অপু (২৮) এবং চকবাজার এলাকার শরিফুল ইসলাম সুমন (৪০)। কোতয়ালী মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, গ্রেফতারকৃত অপুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ১১টি মামলা রয়েছে এবং অপর আসামী সুমনের বিরুদ্ধেও ৩টি মামলা রয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে।
অপরদিকে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজ্জাককে গ্রেফতার করা হয়। একই রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে বাকি চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গত ১৩ মার্চ দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লার চকবাজার এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পিস্তল, রামদা, চাপাতি, রড, হাতুড়ি, লাঠি হাতে উভয়পক্ষের লোকজন সড়কে ছোটাছুটি করছেন। ঘটনার দিন রাতেই ভিডিও ফুটেজ দেখে একটি পিস্তলসহ সজিব নামের একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এ নিয়ে মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে।