ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একসঙ্গে জন্ম, পুকুরে গোসলে নেমে মৃত্যুও একসঙ্গে
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে টাপুর ও টুপুর নামের যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ বছর। তারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বেসরকারি মুনস্টার কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদের পুকুর থেকে যমজ বোনের লাশ উদ্ধর করা হয়। টাপুর ও টুপুর নামের ওই দুই শিশুর বাবা হোসেন মোল্লা ও মা রীনা বেগম। হোসেন মোল্লার বাড়ি গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইছাক শেখের পাড়ায়। নানি আন্না বেগমের সঙ্গে উপজেলা পরিষদের কমপ্লেক্স এলাকার ভাড়া বাসায় থাকত দুই শিশু।
স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, কয়েক বছর আগে টাপুর ও টুপুরের বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকে রীনা বেগম দুই মেয়েকে নিয়ে বাবা শেখ আবদুল গনির বাড়িতে থাকতেন। আবদুল গনির মৃত্যুর পর রীনা বেগম বিয়ে করেন। শিশু দুটি তখন থেকে নানি আন্না বেগমের সঙ্গে ভাড়া বাসায় থাকত। আন্না বেগম উপজেলা পরিষদের বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন।
স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বেলা দুইটার দিকে ওই দুই শিশু স্কুল থেকে বাসায় ফিরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরঘাটে আর কেউ ছিলেন না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও শিশু দুটি ফিরে না আসায় নানি আন্না বেগম তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয় এক আনসার সদস্য বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদের পুকুরের কাছে গিয়ে দেখেন, শিশু দুটির লাশ ভেসে উঠেছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশু দুটির মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।