তেলের দাম বেশি নিলে যে নম্বরে ফোন দেবেন
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM
ভোজ্যতেলের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ ও প্রশাসন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দামে তেল ক্রয় করার আহ্বান জানান তিনি। শুক্রবার (১১ মার্চ) তিনি এই তথ্য জানান।
এসময় মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, অনেকেই ভোজ্যতেলের প্রকৃত দাম সম্পর্কে ওয়াকিবহাল নয়। এটা প্রচার করা বেশি প্রয়োজন। কারও কাছ থেকে নির্ধারিত দামের বেশি নেওয়া হলে, আমাদের হটলাইন ১৬১২১ নম্বরে কল করে অভিযোগ জানাতে হবে। আমরা দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
গেল ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিনের দাম নির্ধারণ করে দেয়। সরকারের নির্ধারণ করে দেওয়া বাজারমূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য ১৬৮ টাকা এবং বোতলজাত ৫ লিটারের দাম ৭৯৫ টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার সর্বোচ্চ ১৪৩ টাকা এবং খোলা পাম অয়েল লিটারপ্রতি ১৩৩ টাকা।