ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাটকা বিক্রির দায়ে ৭ আড়তকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM
রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকা সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে সাত প্রতিষ্ঠানকে ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও ৩৫ মণ জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করেছে র‌্যাব-১০ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম র‌্যাব-১০ এর সহযোগিতায় যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে যাত্রাবাড়ী মৎস্য আড়তকে এক লাখ টাকা, গঙ্গাপুর মৎস্য আড়তকে এক লাখ টাকা, আল্লাহর দান মৎস্য আড়তকে আড়াই লাখ টাকা, সোহেল মৎস্য আড়তকে ৯০ হাজার টাকা, গোল্ডেন ফিস আড়তকে এক লাখ টাকা, লোকনাথ মৎস্য আড়তকে এক লাখ এবং মেট্রোসেম মৎস্য আড়তকে এক লাখ টাকাসহ মোট ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত সাতটি আড়ত থেকে মোট ৩৫ মণ জাটকা জব্দ করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা জাটকাগুলো মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।