
এই
প্রথমবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সর্বশেষ পাঁচ ওয়ানডেতে টানা জয় পেয়ে উজ্জীবিত নিগার সুলতানার দল মেয়েদের
ক্রিকেটের সবচেয়ে অভিজাত মঞ্চে নিজেদের উন্নতির প্রমাণ দিতে চায়। নিগার
সুলতানার মতে, নিজেদেকে প্রমাণ করার জন্য এবং দেশের নারী ক্রিকেটকে তুলে
ধরার জন্য এটা দারুণ একটা সুযোগ।
আইসিসির ভিডিওবার্তায় নিগার সুলতানা বলেন, 'এটা টিম বাংলাদেশের জন্য বড় সুযোগ।
আমাদের
প্রথম বিশ্বকাপ (ওয়ানডে)। এই মঞ্চেই দেখাতে চাই যে আমরা উন্নতি করছি ও
বিশ্ব ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। পুরো বিশ্বকে আমাদের উন্নতি ও
অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি। আমরা যে
লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার। '
বিশ্বকাপে
ভালো কিছু করে দেশের নতুন প্রজন্মকে ক্রিকেটে আগ্রহী করে তুলতে চান নিগার,
'আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই এবং তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগাতে
চাই, যারা আমাদের ভালো পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে। আমরা একটু একটু করে
প্রতিটি ম্যাচ ধরে এগোব। প্রতিপক্ষ বুঝে নিজেদের শক্তি ও সামর্থ্যের
জায়গায় ভরসা রেখে খেলতে চাই। জানি না ফলাফল কী হবে। তবে আমরা নিজেদের
সেরাটা মেলে ধরতে চাই। '