বারিধারাকে হারিয়ে পুলিশের প্রথম জয়
Published : Friday, 25 February, 2022 at 12:00 AM
প্রিমিয়ার
লিগে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ পুলিশ এফসি। বৃহস্পতিবার গোপালগঞ্জের
ফজলুল হক মণি স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে তারা। পাঁচ
ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বাংলাদেশ পুলিশ। সমান ম্যাচে চার
পয়েন্ট নিয়ে দশম স্থানে উত্তর বারিধারা।
নিজেদের শেষ ম্যাচে বসুন্ধরা
কিংসের কাছে ৩-০ গোলে হেরেছিল পুলিশ। এর আগে শেখ জামাল ও আবাহনীর সঙ্গে ড্র
এবং সাইফের কাছে ১-০ গোলে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ পুলিশ এফসি। এদিকে
শেখ জামাল ও বসুন্ধরা কিংসের কাছে হারের পর স্বাধীনতার সঙ্গে ড্র করে
প্রথম পয়েন্ট পায় উত্তর বারিধারা। পরের ম্যাচেই মুক্তিযোদ্ধাকে হারিয়ে জয়ের
দেখাও পেয়ে যায়। তবে এ ম্যাচে আর পুলিশকে আটকাতে পারেনি বারিধারা।
প্রথমার্ধে
কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে পুলিশের হয়ে ডেড লক
ভাঙ্গেন ফয়সাল আহমেদ শীতল। ৮৮ মিনিটে আমির উদ্দিন শরিফির গোলে জয় নিশ্চিত
হয় পুলিশ এফসির। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে
৩-৩ গোলে ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাব।