মেয়েদের বিশ্বকাপ: করোনার সংক্রমণে নামানো যাবে শুধু ৯ জন!
Published : Friday, 25 February, 2022 at 12:00 AM
করোনার
প্রকোপে মাঝপথে বাতিল হয়েছে মেয়েদের বিশ্বকাপ বাছাই। আর কিছু দিন পর গড়াবে
মূল টুর্নামেন্ট। সেখানেও যদি এমন সংক্রমণ পরিস্থিতি দেখা দেয় তাহলে?
আপৎকালীন পরিস্থিতিতে এর সমাধানের উপায় পেয়েছে আইসিসি। প্রয়োজনে দল প্রতি ৯
জন সুস্থ থাকলেও মাঠে গড়াবে বিশ্বকাপের ম্যাচ।
নিউজিল্যান্ডের করোনা
পরিস্থিতির কারণেই নেতিবাচক শঙ্কার কথা সামনে এসেছে। দেশটিতে ওমিক্রনের
প্রকোপের পর শনাক্তের সংখ্যা বেড়ে গেছে অত্যধিক। গত বৃহস্পতিবারই শনাক্ত
হয়েছেন ৬ হাজারের বেশি! এমন পরিস্থিতিতে আয়োজক দেশটির সার্বিক পরিস্থিতি
নিয়ে আলোচনা সব খানে। সেসবের উত্তর দিতেই প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন আনার
কথা বলেছেন আইসিসির ইভেন্ট প্রধান ক্রিস টেটলি, ‘যদি ওরকম পরিস্থিতি তৈরি
হয়, তাহলে আমরা ব্যতিক্রম হিসেবে ৯ জন দিয়েই খেলা চালিয়ে নেবো। এবং
ম্যানেজমেন্ট টিমে যদি নারী সদস্য থাকে, তাকেও বদলি হিসেবে মাঠে নামানো
যাবে। তবে বদলিরা ব্যাটিং-বোলিং করতে পারবে না।’
প্রতিটি দলই ১৫ সদস্যের স্কোয়াডের সঙ্গে ৩ জন রিজার্ভ রাখার অনুমতি পেয়েছে। সংক্রমণ ঘটলে রিজার্ভ খেলোয়াড় তখন যোগ দিতে পারবেন।
পাশাপাশি
টেটলি আরও বলেছেন, প্রয়োজন হলে সূচিতে পরিবর্তন আনা হবে। যদিও
টুর্নামেন্টজুড়ে লজিস্টিক সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন তিনি। আরও যোগ
করে বলেছেন, ‘লক্ষ্য পূরণে যদি ওরকম পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে আমরা সব
দলকে সর্বোচ্চ নমনীয় থাকার অনুরোধ করবো। পাশাপাশি আমারও যতটা সম্ভব নমনীয়
থাকবো। যাতে ম্যাচগুলো চালিয়ে নেওয়া যায়।’
আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে
পর্দা উঠবে মেয়েদের বিশ্বকাপের। দেশটিতে ক্রীড়া অনুষ্ঠানে কঠোর বিধিনিষেধ
অনুসরণ করা হলেও টুর্নামেন্ট সিইও আন্দ্রেয়া নেলসন বলেছেন, গ্রুপ ম্যাচে কম
করে হলেও দর্শক রাখার ব্যাপারে আশাবাদী তিনি।