ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জিতেই চলছে অস্ট্রেলিয়া
Published : Saturday, 19 February, 2022 at 12:00 AM
টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই জয়ে  পাঁচ ম্যাচের সিরিজে তারা ৪-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল স্বাগতিক দল। মেলবোর্নে চতুর্থ টি-টোয়েন্টি টস জিতে প্রথমে বোলিং করতে নামে অস্ট্রেলিয়া।
ভালো শুরুর ইঙ্গিত দিয়ে উদ্বোধনী জুটিতে ৩৫ রান যোগ করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দানুস্কা গুনাথিলাকা।
১৭ বলে ১৭ রান করে গুনাথিলাকা আউট হলে ভাঙে জুটি। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪১ রান যোগ করেন নিশাঙ্কা। দ্বিতীয় ব্যাটার হিসেবে দলীয় ৭৬ রানে আউট হওয়ার আগে ২১ বলে ২৭ রান করেন কুশল। এরপর চারিথ আসালঙ্কাকে নিয়ে দলের স্কোর ১শতে নিয়ে যান নিশাঙ্কা (৪৬)। দলীয় ১১০ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আসালঙ্কা আউট হবার পর চাপে পড়ে শ্রীলঙ্কা। পরবর্তী ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় তারা ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি।
১৪০ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। ৪৯ রানে তিন ব্যাটার প্যাভিলিয়নে ফিরেন। মেইক শিপ্ট ওপেনার অ্যাস্টন আগার ৩১ বলে ২৬, বেন ম্যাকডারমট ৯ ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২ রানে আউট হন।  চতুর্থ উইকেটে ৪৭ বলে ৭১ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিশ। ২০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করে ইংলিশ থামলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। ৩৯ বলে ৩ বাউন্ডারিতে  ৪৮ রানে অপরাজিত থাকেন এই অল-রাউন্ডার।  শ্রীলঙ্কার লাহিরু কুমারা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েল।