২ বলে ২ ছক্কা মেরে ঢাকাকে জেতালেন শুভাগত
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM
বাংলাদেশ
প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সিলেট
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় মিনিস্টার
গ্রুপ ঢাকা। সেই ম্যাচে ঢাকা জয় লাভ করেছে ৫ উইকেটে।
খুলনার দেওয়া ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার শেষে ঢাকার স্কোর ছিল ৫ উইকেটে ১১৯ রান।
শেষ
ওভারে জয়ের জন্য ঢাকার দরকার ছিল ১১ রান। থিসারা পেরেরার করা শেষ ওভারের
প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন শুভাগত হোম। ৯ বলে
১৮ রানে অপরাজিত থাকেন তিনি। আজমতুল্লাহ ওমরজাই অপরাজিত থাকেন ৭ বলে ১০
রান করে।
ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৩৬ বলে ৩৪ রান করেন। এছাড়া
জহুরুল ইসলাম ৩০ ও শামসুর রহমান ২৫ রান করেন। খুলনার থিসারা পেরেরা দুটি
উইকেট লাভ করেন। এছাড়া নাবিল সামাদ, রুয়েল মিয়া ও খালেদ আহমেদ একটি করে
উইকেট নেন।
এর আগে, টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান
সংগ্রহ করে খুলনা। বিপর্যয়ের মুহূর্তে দলের হাল ধরেন সিকান্দার রাজা। ৫০
বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। মেহেদি
হাসানের ব্যাট থেকে এসেছে ১৭ রান। অধিনায়ক মুশফিকুর রহীম ও থিসারা পেরেরা
১২ রান করে করেন।
ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই ও
আরাফাত সানি। রুবেল হোসেন, ফজল হক ফারুকী ও কাইস আহমেদ শিকার করেন একটি করে
উইকেট। ম্যাচসেরা হন আরাফাত সানি।