টেস্টে লাবুশেন, টি-টোয়েন্টিতে বাবর
Published : Thursday, 23 December, 2021 at 12:00 AM
২০১৯
সালের অ্যাশেজে হঠাৎই টেস্টে অভিষেক মার্নাস লাবুশেনের। স্টিভেন স্মিথের
মাথায় বলের আঘাত লাগায় কনকাশন-সাব হয়ে লাল বলের ক্রিকেটে পা রাখা তার। সেই
থেকে চলছে লাবুশেনের দাপট। সময়ের সঙ্গে এগিয়ে চলা এই ব্যাটারই এখন টেস্টের
‘এক নম্বর’। জো রুটকে সরিয়ে টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে বসেছেন
এই অস্ট্রেলিয়ান। অন্যদিকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন বাবর
আজম। ডেভিড মালানের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি।
আজ (বুধবার) নতুন
র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে রুটকে
সিংহাসনচ্যুত করে শীর্ষে বসেছেন লাবুশেন। এ বছরের সেপ্টেম্বরে এক নম্বর
ব্যাটার হয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। তবে চলতি অ্যাশেজে ব্যাটে রানে ফোয়ারা
ছোটানো লাবুশেন প্রথমবার হলেন টেস্টের এক নম্বর ব্যাটার। চতুর্থ স্থানে
থেকে ঘরের মাঠের অ্যাশেজ শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার।
ব্রিসবেনের
প্রথম টেস্টের দুই ইনিংসে ৭৪ ও ০* রানের পর অ্যাডিলেডের দিবারাত্রির
টেস্টে লাবুশেনের ব্যাট থেকে আসে ১০৩ ও ৫১ রান। ইংল্যান্ডের বিপক্ষে ২-০
ব্যবধানে সিরিজ এগিয়ে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লাবুশেন
ক্যারিয়ার সর্বোচ্চ ৯১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসেছেন। ফলে দ্বিতীয় স্থানে
নেমে গেছেন রুট। শীর্ষ পাঁচের পরের জায়গায়গুলোতে রয়েছেন যথাক্রমে- স্মিথ,
কেন উইলিয়ামসন ও রোহিত শর্মা।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক সপ্তাহের
ব্যবধানে শীর্ষস্থানে ফিরেছেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের
প্রথম টি-টোয়েন্টিতে ০ ও ৭ রানের ইনিংস খেলার পর সিংহাসন হারান তিনি। তবে
শেষ টি-টোয়েন্টিতে ৫৩ বলে ৭৯ রানের ইনিংস খেলে আবারও একে ফিরেছেন পাকিস্তান
অধিনায়ক। ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের
মালানের সঙ্গে।
শীর্ষ পাঁচে পরের জায়গাগুলোতে রয়েছেন যথাক্রমে- মোহাম্মদ রিজওয়ান, এইডেন মারক্রাম, লোকেশ রাহুল ও অ্যারন ফিঞ্চ।