ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টানা দ্বিতীয় বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি
Published : Wednesday, 17 November, 2021 at 12:00 AM
কাতারে আগামী বছরের ফিফা বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল না ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি। সোমবার (১৫ নভেম্বর) নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। গ্রুপের দ্বিতীয় স্থানে বাছাইপর্ব শেষ করায় প্লে অফ খেলতে হবে তাদের।
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপের শেষ ম্যাচ খেলতে নেমেছিল আজ্জুরিরা। আগামী বছরের বিশ্বকাপে জায়গা করে নিতে সুইজারল্যান্ডের চেয়ে এগিয়ে থাকার মতো যথেষ্ট গোল করতে হতো তাদের।
লুসার্নে স্বাগতিক সুইজারল্যান্ড বুলগেরিয়াকে ৪-০ গোলে হারানোয় ইতালিকে জিততে হতো অন্তত তিন গোলের ব্যবধানে। কিন্তু একগুয়ে আইরিশ দলটির বিপক্ষে জালই খুঁজে পায়নি তারা। তাতে মার্চের প্লে অফের কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে ইতালিকে।
প্লে অফের অভিজ্ঞতা সুখকর নয় ইতালির জন্য। সুইডেনের বিপক্ষে দুই লেগে হেরে ২০১৮ বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ হয় তারা। ১২ কোয়ালিফাই দলের মধ্যে তিনটি প্লে অফ দল মূল পর্বে যাবে।
গত জুলাইয়ে ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর চ্যাম্পিয়ন হয় ইতালি। তার আগে বাছাইয়ের চারটি ম্যাচ খেলে সবগুলোতে জিতেছিল। কিন্তু ইউরোপ সেরা হওয়ার পর থেকে চারটি ম্যাচ খেলে সবগুলো ড্র করে। বিস্ময়করভাবে বাছাইয়ে অপরাজিত থেকেও তারা মূল পর্বে উঠতে পারল না। ৮ ম্যাচে ইতালির (১৬) চেয়ে ২ পয়েন্টে এগিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে সুইশরা (১৮)।
নর্দার্ন আয়ারল্যান্ডের মাঠে জয় পাওয়া যে সহজ হবে না জানা ছিল ইতালির। কারণ আগের চারটি হোম ম্যাচে তারা প্রতিপক্ষকে গোল করতে দেয়নি একটিও। বিশ্বকাপে উঠতে না পারলেও ইতালিকেও ভোগাল আইরিশ দলটি।