ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৫৬ রান করলেই কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবর
Published : Thursday, 11 November, 2021 at 6:59 PM
৫৬ রান করলেই কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবরচলতি বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে চারটি হাফসেঞ্চুরি করে ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি ও ম্যাথু হেইডেনকে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে হাফসেঞ্চুরি পেলেই এককভাবে রেকর্ডটা নিজের করে নেবেন। পাশাপাশি ৫৬ রান করতে পারলে বিশ্বকাপের এক আসরে বিরাট কোহলিকে টপকে সবচেয়ে বেশি রানের মালিকও হয়ে যাবেন তিনি।

চলতি আসরে এখন পর্যন্ত বাবরের রান ২৬৪। কিন্তু এক আসরে সবচেয়ে বেশি রানের তালিকায় চূড়ায় আছেন বিরাট কোহলি। ২০১৪ বিশ্বকাপে ৩১৯ রান করেছিলেন। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ রান করলে কোহলিকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ বাবরের সামনে। বর্তমানে যে ফর্মে আছেন, তাতে ৫৬ রান খুব কঠিনও নয় তার জন্য।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন বাবর। এর আগে অধিনায়ক হিসেবে ২০১২ বিশ্বকাপে মাহেলা জয়াবর্ধনে করেছিলেন ২১২ রান। মাহেলাকে ছাপিয়ে ওই সিংহাসনে এখন পাক অধিনায়ক। যিনি চলতি বিশ্বকাপে দারুণ সময় কাটাচ্ছেন। উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে ৬৮ রানের অপরাজিত ইনিংস দিয়ে সৌরভ ছড়ানো শুরু। এরপর কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রান করে ফিরেছেন। পরের তিন ম্যাচেই তুলে নিয়েছেন টানা তিন হাফসেঞ্চুরি। সবমিলিয়ে চার হাফসেঞ্চুরিতে এই বিশ্বকাপে কীর্তি গড়েছেন।