ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ
Published : Wednesday, 3 November, 2021 at 12:00 AM
ঢাকার সাভারে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে শিল্প পুলিশের দুই সদস্য মারধরের শিকার হয়েছেন।
তাদের একজনকে ভর্তি করা হয়েছে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
তিনি এজাহারের বরাতে বলেন, বিরুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে দোকানির সঙ্গে এক বালু শ্রমিকের তর্ক হয়। তর্ক থামানোর চেষ্টা করেন সেখানে উপস্থিত শিল্পাঞ্চল পুলিশ ১-এর দুই কনস্টেবল। তারা সাদা পোশাকে ছিলেন। তারা নিজেদের পরিচয় দিলেও সেখানকার বালু শ্রমিকরা পুলিশকে গালাগাল করেন এবং বাঁশ ও কাঠের টুকরা দিয়ে পুলিশ সদস্যদের মারধর করেন।
আহত পুলিশ সদস্যদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নূর হোসেন নামে একজনকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এসআই মো. আব্দুল কুদ্দুস। পরে পুলিশ অভিযান চালিয়ে জুয়েল মিয়া (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে বলে জানান সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম।
তিনি বলেন, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে শিল্প পুলিশ ১-এর আহত কনস্টেবল সৌরভ কুমার বাদী হয়ে সাভার থানায় ১০ জনের নামে মামলা করেছেন। আসামিরা সবাই বালু শ্রমিক।