‘মেহেদী বাংলাদেশের থ্রি ইন ওয়ান ক্রিকেটার’
Published : Sunday, 24 October, 2021 at 12:00 AM
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচ জয়ে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর মতো সিনিয়র খেলোয়াড়দের অবদান রেখেছেন। তবে তারুণ্যের শক্তি ফুটে উঠেছে প্রবলভাবে। মেহেদী হাসান, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের মতো তরুণদের অবদান কোনো অংশে কম নয়। এবার তাদের পরীক্ষা মূল পর্বে।
বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোকে মুগ্ধ করেছেন মেহেদী। ওমান ম্যাচে মেহেদী ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। তার বোলিংয়ে ডট ছিল ১২টি। তৃতীয় উইকেটে জিশান মাকসুদ ও যতীন্দর সিংয়ের ৩৪ রানের জুটি ভেঙেছিলেন মেহেদী। এরপর তাসের ঘরের মতো ভাঙতে থাকে ওমানের ব্যাটিং অর্ডার। এছাড়া প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নেন তিনি। ব্যাট হাতে একমাত্র সুযোগ পেয়েছিলেন, নেমেছিলেন তিন নম্বরে।
দক্ষিণ আফ্রিকান কোচের আশা মেহেদী ব্যাট হাতেও অবদান রাখবেন, ‘আমি মেহেদীর একজন বিরাট ভক্ত। আমার কাছে তার চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলে সে যে কোনো ভূমিকা পালন করতে পারে। উপরের দিকে ব্যাট করা সহজ নয়, নিচেও নয়। সে কখনো অভিযোগ করে না। দলের কী প্রয়োজন, সেদিকেই তার নজর। বল নিয়ে সে বৈচিত্রপূর্ণ, মাঝে বল করতে পারে, ডেথে ও শুরুতেও দারুণ। সে আমাদের জন্য থ্রি ইন ওয়ান ক্রিকেটার। তার প্রস্তুতির বড় ব্যাপার হলো সে যে কোনো ভূমিকায় খেলতে খুশি। সেগুলোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে সে এবং শতভাগ গ্রহণ করে। এখন পর্যন্ত সে যা করেছে তাতে আমি খুশি।’
এছাড়া আফিফ ও সোহানের নামও বিশেষভাবে উল্লেখ করলেন ডমিঙ্গো। আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত আফিফ মিডল অর্ডারে নিজের মতো করে খেলেছেন। কিন্তু সময় বেশি দিতে পারেননি। আর উইকেটের পেছনে ক্ষিপ্র সোহান। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। তাতেও দুজনের ওপর আস্থা হারাচ্ছেন না বাংলাদেশ কোচ, ‘আমি মনে করি এই ফরম্যাটে বাংলাদেশের জন্য আফিফ ও সোহান অনেক ভালো খেলোয়াড় হয়ে উঠবে। ইনিংসের শেষ দিকে সোহান আমাদের সত্যিকারের বিগ হিটার। আফিফ ওই দিন ১৩ বলে ২০ রান (১৪ বলে ২১ রান) করল। সে ভালো খেলছে। আমি মনে করি এই পর্যায়েও সে ভালো কিছু করবে। তারা আমাদের জন্য বড় খেলোয়াড়। সোহানের কিপিং দারুণ। স্টাম্পের পেছনে সে ১০-১২ রান সম্ভবত বাঁচিয়েছে আমাদের। আমি তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট। রান হয়তো এই মুহূর্তে পাচ্ছে না, কিন্তু তারা দলের জন্য যা করছে তা অনেক মূল্যবান।’