ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্যালন ডি অরের দৌড়ে মেসি-নেইমার-রোনালদো
Published : Sunday, 10 October, 2021 at 12:00 AM
করোনাভাইরাসের কারণে দেয়া হয়নি ২০২০ সালের ব্যালন ডি অর পুরস্কার। এক বছর বিরতির পর ফের দেয়া হবে ফুটবলারদের সর্বোচ্চ মর্যাদার ব্যক্তিগত পুরষ্কারটি। শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে ২০২১ সালের ব্যালন ডি অরের জন্য মনোনীত সংক্ষিপ্ত ৩০ ফুটবলারের তালিকা।
যেখানে স্বাভাবিকভাবেই রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপেরা। তবে চমক হিসেবে মাত্র ১৮ বছর বয়সেই ব্যালন ডি অরের মনোনয়ন পেয়ে গেছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ মিডফিল্ডার পেদ্রি রদ্রিগেজ। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেলেন তিনি।
এবারের ব্যালন ডি অরের দৌড়ে অন্যদের চেয়ে খানিক এগিয়েই রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকায় চার ও পাঁচ এসিস্টের মাধ্যমে নিজ দেশকে চ্যাম্পিয়ন করার সুবাদে অনেকটাই এগিয়ে গেছেন তিনি। এছাড়া ক্লাব ফুটবলেও জিতেছেন রেকর্ড অষ্টমবারের মতো পিচিচি ট্রফি।
মেসির পাশাপাশি দৌড়ে ভালোভাবেই রয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। জাতীয় দলের হয়ে সাফল্য না পেলেও ক্লাব ফুটবলে দারুণ ধারাবাহিক এই স্ট্রাইকার। গত মৌসুমে বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ২০২০ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতা এ ফুটবলার।
ব্যালন ডি অর মনোনয়নে সবচেয়ে বেশি পাঁচজন করে খেলোয়াড় রয়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসি থেকে। এ তালিকায় একমাত্র গোলরক্ষক হিসেবে রয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর ইতালিয়ান তরুণ জিয়ানলুইজি ডনারুম্মা। আগামী ২৯ নভেম্বর ঘোষণা করা হবে ব্যালন ডি জয়ীর নাম।