পাহাড়ঘেরা সবুজ গালিচায় বাংলাদেশের ব্যস্ত দিন
Published : Wednesday, 6 October, 2021 at 12:00 AM
পাহাড়ঘেরা
সবুজ গলিচায় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযাত্রা শুরু হলো। নানা
উৎকণ্ঠা আর দোলচলে ভরা ওমান যাত্রার পর একদিন কোয়ারেন্টাইন করে মাঠে নেমেছে
মাহমুদউল্লাহ রিয়াদের দল। মঙ্গলবার (৫ অক্টোবর) ওমান ক্রিকেট একাডেমি মাঠে
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় অনুশীলন, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রথম রাউন্ডের মধ্য দিয়ে ওমানেই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ লড়াই। ১৭
অক্টোবর তাদের প্রথম ম্যাচ, এই লড়াইয়ের প্রস্তুতিতে যাতে ঘাটতি না থাকে
এজন্য প্রায় দুই সপ্তাহ আগে মরুর দেশটিতে গেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।
তাদের
অনুশীলন শুরু হয় ফিটনেস ট্রেনিং দিয়ে। এরপর যথারীতি গা গরমের জন্য দুই দলে
ভাগ হয়ে ক্রিকেটাররা মেতে ওঠেন ফুটবলে। বেশ কিছুক্ষণ ফুটবল খেলার পর
ফিল্ডিং, ব্যাটিং, বোলিং অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। ছুটি
কাটিয়ে তাদের অনুশীলনে দেখভাল করেছেন কোচিং স্টাফরাও।
আগামী দুইদিনও এই
মাঠেই অনুশীলন করে যাবেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে ওমান ‘এ’ দলের বিপক্ষে
শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। পরের দিন
মাহমুদউল্লাহরা আরব আমিরাতের উদ্দেশে ওমান ছাড়বেন।
আরব আমিরাতে
শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ
ওমানে ফিরবে প্রথম রাউন্ডের খেলা খেলতে। সুপার-১২ রাউন্ডে যেতে এই প্রথম
পর্ব টপকাতে হবে মাহমুদউল্লাহর দলকে।