ভালোই বিপদে পড়তে যাচ্ছেন অভিনেত্রী সাবা কামার। তার বিরুদ্ধে বুধবার পাকিস্তানের এক স্থানীয় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বলিউড ছবি ‘হিন্দি মিডিয়াম’-খ্যাত পাকিস্তানি এ অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি মসজিদে নাচের শুটিং করেছেন।
তবে শুধু অভিনেত্রী সাবা নয়, অভিযোগ দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে গায়ক বিলাল সাইদের নামেও।
জানা গেছে, লাহোরের এক ঐতিহাসিক মসজিদে নাচের দৃশ্য শুট করেছিলেন তিনি। এ বিষয়ে অভিযোগ করা হলে সাবাকে আদালতের তরফ থেকে বারবার নোটিশ পাঠানো হলেও তিনি মামলার শুনানির দিন হাজিরা দেননি।
গত বছর লাহোরের ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে একটি নাচের দৃশ্য শুট করেন তারা। মসজিদের পবিত্রতা অবমাননার অভিযোগে সাবা ও গায়ক বিলালের নামে পাকিস্তানি দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, মসজিদের ভেতর নাচের ভিডিও শুট করে ধর্মস্থানের পবিত্রতা নষ্ট করেছেন অভিনেত্রী ও গায়ক। পাকিস্তানের সাধারণ মানুষ এই অবমাননা মেনে নিতে পারেননি। সোশ্যাল মিডিয়াতেও সাবা ও গায়কের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।
এমনকী, এই ঘটনার পরে সাবা ও বিলাল প্রকাশ্যে ক্ষমাও চান। তবে আদালতে হাজিরা না দেয়ায় তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে লাহোরের স্থানীয় একটি আদালত।
প্রসঙ্গত, পাকিস্তানের পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় সাবা কামার। ইরফান খানের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়াতেও দারুণ অ্যাক্টিভ সাবা। বারবার নানা কারণে বিতর্কিতও এই অভিনেত্রী।
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ কান্দিল বালোচের বায়োপিকে অভিনয় করে বিতর্কের মুখে পড়েছিলেন। এমনকী, সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকিও পেয়েছিলেন সাবা।