Published : Thursday, 9 September, 2021 at 12:00 AM, Update: 09.09.2021 1:15:50 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দিতে পল্লীচিকিৎসকের পুশ করা ইনজেকশনে গৃহবধূর হাত পচনের ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ আগস্ট শহীদনগর বাসস্ট্যান্ডে ফাতেমা মেডিকেল হলে পল্লী চিকিৎসক হারুন-অর-রশিদের নিকট চিকিৎসা গ্রহণ করেন ঢাকারগাঁও সরকার বাড়ির সাত্তার সরকারের স্ত্রী নার্গিস বেগম (৪৯) ।
ওই সময়ে পল্লীচিকিৎসক রোগীর অমতে তাহার বাহুতে ইনজেকশন পুশ করেন। এতে রোগীর বাহুতে ইনফেকশন হয় এবং পরবর্তীতে অপারেশন করতে হয়। এই ঘটনায় রোগীর মেয়ে মোসা: তানজিনা সরকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম শোভন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে দোনারচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সিনথিয়া তাসমিনকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা: মো: নজরুল ইসলাম ও ডেন্টাল সার্জন ডা: আমেনা বেগম রাবেয়াকে সদস্য করা হয়।
গৃহবধূর স্বামী সাত্তার সরকার জানান, তার স্ত্রী নার্গিস আক্তার এলার্জিজনিত সমস্যার নিয়ে গত ১৪ আগস্ট শহিদনগর বাসস্ট্যান্ডে ফাতেমা মেডিকেল হলে পল্লী চিকিৎসক হারুন-অর-রশিদের কাছে যান। এসময় পল্লী চিকিৎসক তাদের অমতে গৃহবধূর পরনের বোরকা ও কাপড়ের ওপর দিয়ে বাঁ হাতে ইনজেকশন পুশ করেন। এতে হাতের ভেতরের সংক্রমণে পচন ধরে। পরবর্তীতে স্থানীয় আনোয়ারা হাসপাতালে অস্ত্রোপচার করা হয়।
পল্লী চিকিৎসক হারুন-অর-রশিদ জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। অযথা আমার ওপর দোষ চাপানো হচ্ছে। আমি কিছুই জানি না। এব্যাপারে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শহীদুল ইসলাম শোভন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ডা. সিনথিয়া তাসমিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে ভূল চিকিৎসায় নবজাতক মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার গৌরীপুর বাজারে খিদমা ডিজিটাল হসপিটালের কাযর্ক্রম বন্ধ করে তালা লাগিয়ে দেন প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহীদুল ইসলাম শোভন সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।