চাঁদপুরে ১২ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত
Published : Sunday, 8 August, 2021 at 12:00 AM
মানিক দাস ||
চলতি বর্ষা মৌসুমে চাঁদপুরে ১২ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত শনিবার সকালে রেকর্ড করা হয় ১৪৮ মিলিমিটার। আর এ বৃষ্টিপাতের ফলে নিচু ও চরাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। পদ্মা মেঘনা আর ডাকাতিয়া নদীর পানি কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
গত শুক্রবার রাত ৯ টা থেকে গতকাল সকাল ৯টা পর্যন্ত ১২ ঘন্টায় বৃষ্টিপাতের ফলে চাঁদপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তায় হাঁটু পানি জমে ওই সব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পরে। তাতে ড্রেনের ময়লা পানি বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেছে। বিকাল পর্যন্ত শহরের অনেক এলাকার পানি নামেনি।
চাঁদপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমে এ বৃষ্টি ছিল রেকর্ড পরিমাণ। শুক্রবার রাত ৯ টা থেকে শনিবার সকাল ৯ টা পর্যন্ত ১২ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৮ মিলিমিটার। এটি এ বর্ষায় সব্বোর্চ বৃষ্টিপাত। এ বৃষ্টির ফলে চাঁদপুর শহরের আলিম পাড়া, নতুন আলিম পাড়া, পালপাড়া, রহমতপুর আবাসিক এলাকা, প্রফেসরপাড়া, মমিন পাড়া, বিষ্ণুদি ব্যাংক কলোনির, বাসস্টেশন মাদ্রাসা রোড, গাজী সড়কসহ বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতা দেখা যায়। তাছাড়া পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন চরাঞ্চলে ও জলা বদ্ধতা দেখা দিয়েছে।