শরিফুলকে আইসিসির তিরস্কার
Published : Sunday, 8 August, 2021 at 12:00 AM
শুক্রবার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মিচেল মার্শের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করে শাস্তি পেয়েছেন শরিফুল ইসলাম। আইসিসি এই পেসারকে কোনও আর্থিক জরিমানা না করলেও তিরস্কার করেছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডেমেরিট পয়েন্টও।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। শরিফুল দোষ স্বীকার করে নেওয়াতে শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি নেয়ামুর রশিদের অনুমোদন সাপেে শরিফুলকে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি এমন আচরণের জন্য একটি ডেমেরিট পয়েন্ট পেয়েছেন শরিফুল। আইসিসির আচরণবিধির ধারা-১ অনুযায়ী এই শাস্তি পেয়েছেন শরিফুল।
ঘটনার শুরু মূলত শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভারে মিচেল মার্শ দুটি চার মারেন শরিফুলকে। পরের বলেই মার্শের শরীর তাক করে বল ছোঁড়েন এই পেসার। বল সরাসরি অজি ব্যাটসম্যানের ঊরুতে লাগে। আর তাতেই দুজনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়।
ঘটনা সেখানেই শেষ হয়নি। গড়িয়েছে অনেক দূর। শরিফুলের সঙ্গে করা মার্শের উত্তপ্ত বাক্য বিনিময় সহ্য করতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ। অজি এই ব্যাটসম্যানদের সামনে এসে কথা চালাচালিতে লিপ্ত হন মাহমুদউল্লাহ। সেখানে যোগ দেন উইকেটকিপার নুরুল হাসান সোহানও।
পরে আম্পায়ার এসে শান্ত করেন দুই পকে। তখনও শেষ হয়নি ওই তর্কের রেশ। এরপর ১৮তম ওভারের প্রথম বলে হাফসেঞ্চুরি করা মার্শকে সাজঘরে ফেরান শরিফুলই। আউট করার পর মার্শের সামনে গিয়ে আগ্রাসী মনোভাব দেখান তরুণ এই পেসার।