ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় ঘরের সামনে ময়লা পানি আসায় সংঘর্ষ, আহত ৭
Published : Wednesday, 7 July, 2021 at 6:28 PM
ব্রাহ্মণবাড়িয়ায় ঘরের সামনে ময়লা পানি আসায় সংঘর্ষ, আহত ৭ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঘরের সামনে ময়লা পানি আসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (০৭ জুলাই) বিকালে উপজেলার লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন- লাইলী আক্তার (৩০), নাসির মিয়া (৫৩), মাজু মিয়া (৫০), ওসমান (২০)
কালু মিয়া (২৭), মোতাবিল মিয়া (৬৩) ও শামসুন্নাহার (৪৫)।

আহত শামসুন্নাহার জানান, এক বছর আগে কাদির মিয়ার স্ত্রী নাসিমা বেগমের কাছ থেকে এক লাখ টাকা সুদ বাবদ নিয়েছিলেন প্রতিবেশী আনোয়ারা বেগম। এরপর থেকেই সুদের টাকা নিয়ে প্রায়শই তাদের কথা কাটাকাটি হতো। আজ বিকেলে নাসিমার বাড়ির ময়লা পানি আনোয়ারার ঘরের সামনে আসে। এতে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জামাল ভূইয়া বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই শঙ্কামুক্ত বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালেও পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি চলছে।