কোনোভাবেই থামানো যাচ্ছে না সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৬ জন।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ নিয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৪৫৭ জনের নমুনা পরীক্ষার ফল এসেছে। এদের মধ্যে পজিটিভ এসেছে ১৫৬ জনের। আক্রান্তের হার ৩৪ দশমিক ১৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৭৬ জন।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, সদর হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৬৯ জন ও আইসোলেশনে ৫৫ জনসহ ১২৪ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নতুন করে শয্যা সংখ্যা বাড়ানোর ফলে চিকিৎসা দেওয়া সহজ হয়ে গেছে।