চার ‘চোরাই’ গরু নিয়ে অদ্ভুত নাটকীয়তা
Published : Wednesday, 7 July, 2021 at 12:00 AM
লকডাউনের মধ্যে পুলিশের চেক পোস্টে থামার সংকেত পেয়ে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করছিল একটি প্রাইভেট কার। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা খাওয়ার পর দেখা গেল ভেতরে আছে চারটি গরু!
গাড়িতে থাকা চারটি গরুর মধ্যে একটি ঘটনাস্থলেই মারা যায়। সেই মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে আবার পুলিশের হাতে ধরা পড়েছেন দুইজন।
অদ্ভুত এই কা- ঘটেছে টঙ্গীর গাজীপুরা বাশপট্টি এলাকায়। সোমবার ভোরে পুলিশের তল্লাশি চৌকির কাছে ওই দুর্ঘটনা ঘটে। আর দুপুরে মাংস বিক্রির সময় গ্রেপ্তার হন দুইজন। ভ্রাম্যমাণ আদালতের সাজায় এখন তাদের এক বছর করে জেল খাটতে হবে।
গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাশপট্টি চেকপোস্ট পার হওয়ার সময় ওই প্রাইভেট কারটি থামানোর সংকেত দেয় পুলিশ।
“কিন্তু গাড়ি না থামিয়ে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। তখন সড়ক বিভাজকের সঙ্গে গাড়িটি ধাক্কা খায়। পুলিশের ভয়ে প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।”
পরে গাড়ি থেকে চারটি গরু উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনটির মধ্যে একটি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে জবাই করা হয়। প্রাইভেটকারসহ দুটি গরু জব্দ করে থানায় নেওয়া হয়।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আলম চাঁন জানান, ওই চার গরুর মালিক কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাকোয়াদী গ্রামের মো. ফাইজুদ্দিন নামের এক ব্যক্তি।
“রোববার রাতে তিনি বাড়ির পাশে খোলা জায়গায় গরু বেঁধে রেখেছিলেন। সোমবার ভোরে গরু না পেয়ে আশপাশে খোঁজা শুরু করেন। কিন্তু কোথাও সন্ধান না পেয়ে দুপুরে কাপাসিয়া থানায় একটি মামলা করেন তিনি।”
এদিকে দুর্ঘটনায় মারা যাওয়া গরুটির মাংস বিক্রির খবর পেয়ে সোমবার দুপুরেই এরশাদ নগর এলাকায় যায় টঙ্গী পশ্চিম থানার পুলিশ। সেখানে মো. দুলাল (৪০) ও আহম্মদ উল্লাহ (৪৫) নামে দুজনকে আটক করা হয়।
দুলালের বাড়ি চাঁদপুরের ছেঙ্গারচড়া থানার কলাকান্দা এলাকায়, বাবার নাম আদম আলী। আহম্মদ বরিশালের হিজলা থানার মেমাইন্যা এলাকার আব্দুল জব্বারের ছেলে।
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালতে বিচার করে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদ- দেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলে, “ঘটনাস্থলে যে গরুটির মৃত্যু হয়েছিল, রাস্তার পাশ থেকে সেটা নিয়ে গিয়েছিল তারা। এরশাদ নগর ওয়ান ব্যাংক শাখার পেছনে সেই মরা গরুর মাংস বিক্রি করছিল।”