দুইশ পার করে অল-আউট ভারত
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM
বিশ্ব
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউই পেসারদের তোপের সামনে অসহায় হয়ে
পড়েছিল ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। দেড়শ রানের মাঝেই তাদের ইনিংসের
অর্ধেক শেষ হয়ে যায়। শঙ্কা জাগে, স্কোর দুইশ পার হবে তো? শেষ পর্যন্ত
রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার দৃঢ়তায় স্কোর দুইশ পার হয়। প্রথম
ইনিংসে ৯২.১ ওভার খেলে ২১৭ রানে অল-আউট হয়েছে ভারত। ৫ উইকেট নিয়ে ভারতের
ব্যাটিং ধসিয়ে দিয়েছেন কাইল জেমিসন।
বৃষ্টির কারণে শুক্রবার ম্যাচের
প্রথম দিনে টসই হতে পারেনি। গতকাল শ টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। রোহিত
শর্মা আর শুভমান গিলের ওপেনিং জুটিতে আসে ৬২ রান। রোহিত ৩৪ আর শুভমান ২৮
রান করে আউট হন। এরপর ভারতের 'টেস্ট স্পেশালিস্ট' চেতেশ্বর পূজারা আউট হন ৮
রান করে। এরপর দলের হাল ধরেন অধিনায়ক কোহলি আর আজিঙ্কা রাহানে। ৩ উইকেটে
১৪৬ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়।
কোহলি-রাহানের ৬১
রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে আজ দিনের শুরুতে। ১৩২ বলে ১ বাউন্ডারিতে ৪৪
রান করা বিরাট কোহলিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন কাইল জেমিসন। উইকেটে
আসেন তরুণ ঋষভ পন্থ। দুর্দান্ত ছন্দে থাকা এই তরুণ উইকেটকিপার ব্যাটসম্যানও
আজ ব্যর্থ। জেমিসনের বলে ল্যাথামের তালুবন্দি হন মাত্র ৪ রান করে। ১৪৯
রানে পঞ্চম উইকেটের পতন হয় ভারতের। ফিফটির খুব কাছে গিয়ে ৪৯ রানে নেইল
ওয়াগনারের শিকার হন আজিঙ্কা রাহানে। ভাঙে জাদেজার সঙ্গে ২৬ রানের জুটি।
এরপর
উইকেটে জুটি বাঁধেন রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। ৭ম উইকেট
জুটিতে আসে ২৩ রান। এই ছোট ছোট অবদানে ভর করে ভারতের স্কোর দুইশ ছাড়িয়ে
যায়। জাদেজা ৫৩ বলে ১৫ আর অশ্বিন ২৭ বলে ৩ চারে ২২ রানে আউট হন। এরপর
ইশান্ত (৪), বুমরাহ (০) এবং শামি (৪) দ্রুত ফিরে গেলে ভারত ২১৭ রানে
প্যাকেট হয়। ২২ ওভার বল করে মাত্র ৩১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন কাইল
জেমিসন। ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট আর নেইল ওয়াগনার। আরেক পেসার
টিম সাউদি নেন ৬৪ রানে ১ উইকেট।