ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নন-এমপিও শিক্ষকদের বেতন না দিলে অধিভুক্তি বাতিল
Published : Wednesday, 16 June, 2021 at 12:00 AM
অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোতে কর্মরত নন-এমপিও শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধে কলেজ প্রশাসনকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বলেছে, শিক্ষকদের বেতন না দেয়া হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দফতর থেকে এ নির্দেশনা দিয়ে কলেজগুলোতে চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোকে জানানো যাচ্ছে যে, অনার্স অধিভুক্তি প্রদানের আগে ওই কোর্সের নিয়োগকৃত শিক্ষকদের বিষয়ে কলেজ থেকে দেয়া অঙ্গীকারনামা মোতাবেক তাদের বেতন-ভাতাদি নিয়মিতভাবে দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এ নির্দেশনা পালন করা না হলে সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি বাতিলের কার্যক্রম গ্রহণ করা হবে।
জানা গেছে, গত বছর করোনা শনাক্তের পর থেকে স্কুল-কলেজ বন্ধ। বন্ধের সময় শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় করা হলেও নন-এমপিও শিক্ষকদের বেতন ঠিকমতো দেয়া হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা অভিযোগ করার পর কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রয়োজনে শিক্ষকদের বেতন স্কুল-কলেজের ফান্ড থেকে দিতে হবে।