ভারতের উত্তরপ্রদেশের অজপাড়া গাঁওয়ের নিম্নবিত্ত পরিবারের সন্তান মনু চৌহান। পড়াশোনার সুযোগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনাখরচে ।
এ সুযোগ অর্জন করতে হয়েছে তাকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। এক হাজার ৬০০ নম্বরের পরীক্ষায় মনু পেয়েছেন এক হাজার ৪৭০ নম্বর। এমন ফল দেখে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার শতভাগ খরচ বহনে রাজি হয়।
উত্তরপ্রদেশের আলিগড় জেলার আক্রাবাদ গ্রামের ১৮ বছর বয়সি মনু চৌহানের এ বছরই দ্বাদশের পরীক্ষায় বসার কথা ছিল। করোনার কারণে পরীক্ষা বাতিল হলে অন্য অনেকের মতো অনিশ্চিত হয়ে যায় মনুর ভবিষ্যতও। কিন্তু এর মধ্যে মনুর জন্য সুখবর দিয়েছে স্ট্যানফোর্ড। মনুকে তারা আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি বিষয়ে পড়ার জন্য নির্বাচিত করেছে তাও ফুল স্কলারশিপে।
যে বিশ্ববিদ্যালয়ে মনু পড়তে যাচ্ছেন, সেখানে পড়ালেখা করেছেন ইলন মাস্ক, মুকেশ আম্বানি, সুন্দর পিচাই, টাইগার উডসের মতো ব্যক্তিত্বরা।
মনুর বাবা বীমা কোম্পানির কর্মকর্তা। আর্থিক অনটন লেগেই থাকে। মনু জানে পরিবার তাকে স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবে না। তবুও তিনি বন্ধ করেনি স্বপ্ন দেখা।
মনু জানান, আবেদনপত্র ও পরীক্ষার খরচ সবই নিজের স্কলারশিপের টাকায় বহন করেছেন তিনি। তবে স্কুল কর্তৃপক্ষও তাকে সাহায্য করেছিল।
মনুর বহুদিনের ইচ্ছে, জাতিসংঘের কর্মী হিসেবে কাজ করার। সে লক্ষ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা জানালেন স্বপ্নবাজ এ তরুণ।
তথ্যসূত্র: আনন্দবাজার।