ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক শনাক্ত
Published : Sunday, 6 June, 2021 at 12:19 PM
 ভারতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক শনাক্তকরোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দুই মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যুর সংখ্যাও আগের দিনগুলোর তুলনায় কিছুটা কমেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, রোববার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে এক লাখ ১৪ হাজার ৪৬০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় ২৬৬৭ জনের মৃত্যু হয়েছে।

এপ্রিলের প্রথমদিকে ভারতজুড়ে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক শনাক্ত লাখ ছাড়িয়ে আরও উপরে উঠতে শুরু করে, মে মাসের প্রথমদিকে একদিনে চার লাখ ১৪ হাজারেরও বেশি রোগী শনাক্তের বিশ্বরেকর্ডও করে দেশটি। দৈনিক শনাক্ত টানা কয়েকদিন চার লাখের ওপরে থাকলেও পরে নতুন আক্রান্তের সংখ্যা ধাপে ধাপে কমতে শুরু করে, সেই ধারা এখনও অব্যাহত আছে।

নতুন আক্রান্তদের নিয়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৮৮ লাখ নয় হাজার ৩৩৯ জনের দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৪৬ হাজার ৭৫৯ জনের।

দেশটির রাজ্যগুলোর মধ্যে ৫৮ লাখ ১৯ হাজারেরও বেশি রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলো হল কর্নাটক, কেরালা, তামিলনাডু, অন্ধ্র প্রদেশ ও উত্তর প্রদেশ।

জানুয়ারিতে দেশটিতে টিকাদান কর্মসূচী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৩ কোটিরও বেশি লোককে টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে টিকা নেওয়ার জন্য উপযুক্ত সব নাগরিককে এ কর্মসূচীর আওতায় আনার লক্ষ্য নিয়েছে দেশটির সরকার। কিন্তু এ কর্মসূচীতে এখন যে দুটি টিকার ডোজ ব্যবহৃত হচ্ছে রাজ্যগুলোতে সেগুলোর ঘাটতি অব্যাহত আছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা গত বছরের ১৯ ডিসেম্বর এক কোটি ছাড়ায়, এরপর মাত্র সাড়ে চার মাসের মধ্যে ৪ মে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যায়; আর এখন ৬ জুন দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা পৌনে তিন কোটিরও বেশি।

তারপরও স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, দেশটিতে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি।