লর্ডসে বৃষ্টিতে ভেসে গেছে তৃতীয় দিন
Published : Sunday, 6 June, 2021 at 12:00 AM
লর্ডসে হতাশার একটি দিন কাটিয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। বৃষ্টির কারণে ভেসে গেছে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। দিনভর বৃষ্টিতে কোনও সেশনেই খেলা মাঠে গড়ায়নি।
বৃষ্টির কারণে স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। চতুর্থ ও পঞ্চম দিনে আবহাওয়া অনুকূল থাকবে বলে জানা গেছে।
তবে এই বৃষ্টি যে ম্যাচের ভারসাম্যে প্রভাব ফেলেছে, তাতে সন্দেহ নেই। প্রথম ইনিংসে অভিষিক্ত ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৩৭৮ রান। এর পর ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ১১১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল। অপরাজিত আছেন রোরি বার্নস (৫৯) ও ইংলিশ অধিনায়ক জো রুট ৪২। স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ২৬৭ রানে। তৃতীয় দিন খেলা হয়নি বলে বাকি দুই দিনের খেলায় বাড়তি ৮ ওভার করে যোগ হতে পারে।