ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘মতিন খসরু আইনের শাসন প্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন’
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে আইনের শাসন ভুলণ্ঠিত হয়ে পড়ে। তখন থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী আব্দুল মতিন খসরু লড়াই করে গেছেন। তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের মানুষ আজীবন তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। ‘নাগরিক সমাজ ও জনতার প্রত্যাশা’ এ স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, মতিন খসরু আমাদের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। তিনি ক্লান্তিহীনভাবে দলের জন্য কাজ করে গেছেন।
তিনি বলেন, ‘আব্দুল মতিন খসরুর সবচেয়ে বড় গুণ ছিল তার কাছে সহজে পৌঁছানো যেত। তার বাড়িতে কোনো সদর দরজা ছিল না। তিনি কর্মীবান্ধব ও জনবান্ধব ছিলেন। পেশাগত দিক থেকে শুধু নয়, মানবিক বোধ থেকে কোনো প্রকার প্রশ্ন ছাড়া তিনি সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যে আলোর পথে যাত্রা শুরু হয়, সেই যাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত সহযোগী ছিলেন আবদুল মতিন খসরু। তিনি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন।’
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘মতিন খসরু অত্যন্ত গুণী মানুষ ছিলেন। পাঁচবারের সংসদ সদস্য ও আইনজীবী হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। তিনি আইনজীবী হিসেবেও সফল। বঙ্গবন্ধুর হত্যার বিচারে তার যে ভূমিকা, তা স্মরণীয় হয়ে থাকবে।’