১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি : তামিম
Published : Sunday, 30 May, 2021 at 12:00 AM
শ্রীলঙ্কার বিপে সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল বাংলাদেশ ৯৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে। ব্যাট হাতে কেউ ভালো করতে পারেননি। অধিনায়ক তামিম ইকবালও নন। যদিও সাকিব আউট হওয়ার পর তামিম-মুশফিক হাল ধরেছিলেন। কিন্তু তামিমের আউটে সেই প্রতিরোধ ভেঙে যায়। বাংলাদেশের পরাজয়ও নিশ্চিত হয়ে যায়। মাঠে সেই আউট মেনে নিতে পারেননি তামিম। এমনকী ম্যাচ শেষেও বললেন, তিনি আউট ছিলেন না!
লঙ্কান পেসার দুশ্মন্ত্য চামিরার করা দশম ওভারের তৃতীয় বলটি তামিমের ব্যাট ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে জমা পড়ে। ফিল্ড আম্পায়ারও আউট ঘোষণা করেন। কিন্তু তামিম সেটা মানতে পারেননি, তিনি রিভিউ নেন। রিভিউতে আল্ট্রা এজে দেখা যায়, বলটি তামিমের ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে গেছে। অতএব রিভিউ ব্যর্থ। তারপরেও তামিম মানতে পারছিলেন না। মুশফিকের সঙ্গে কিছু কথা বলে গজগজ করতে করতে ২৯ বলে ১৭ রান করা তামিম মাঠ ছাড়েন।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, 'খুবই হতাশার। আমি ১০০ ভাগ নিশ্চিত ছিলাম যে আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। এটাও আম্পায়ারের জন্য প্রায় অসম্ভব ছিল ওভারটার্ন করা। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে ভিন্ন ঘটনা হতে পারত। কিন্তু আমি ১০০ ভাগ নিশ্চিত যে আমার ব্যাটে বল লাগেনি।'