বরুড়ায় যুবকের এক মাসের জেল
Published : Friday, 23 April, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
বরুড়ায় এক ছাত্রীকে উত্যক্তের দায়ে মো. সোহাগ হোসেন (২৫) নামে বখাটে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার বরুড়া পৌর শহরের অফিসপাড়ার বাসিন্দা এবং বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে একই এলাকার রমিজ মিয়ার ছেলে মো. সোহাগ দীর্ঘদিন যাবত এলাকায় চলাফেরার সময় নানা ধরনের কু-প্রস্তাব সহ উত্যক্ত করে আসছিল। এহেন অবস্থা থেকে পরিত্রাণ পেতে ওই ছাত্রীটির মা তাকে একাধিকবার বারণ করেও কোন ফল না পেয়ে গত বুধবার বিকেলে তিনি সোহাগের বিরুদ্ধে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সোহাগকে আটক করে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। স্কুল ছাত্রীকে উত্যক্তের দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম বখাটে যুবক মো. সোহাগকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।