চাঁদপুরে ৩৫ মণ জাটকাসহ ৬ পাচারকারী আটক
Published : Wednesday, 21 April, 2021 at 12:00 AM
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাচারকালে সাড়ে ৩৫ মণ জাটকাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। পৃথক অভিযানে একই সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি ইজিবাইক আটক করা হয়।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন।
আটকরা হলেন- চাঁদপুর সদরের মদনা গ্রামের আব্দুর রহিম (৪৫), গোবিন্দিয়া গ্রামের রাজু হোসেন (২৪), ঝিনাইদহ জেলার তুহিন (২৪), চাঁদপুর শহরের মধ্য শ্রীরামদী এলাকার আরিফ মাঝি (২৫), মো. রাসেল (২৮) ও আনোয়ার হোসেন (৩৫)।
চাঁদপুর মডেল থানার পুলিশ জানায়, আজ ভোরে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীরসহ পুলিশ সদস্যরা সদরের হানারচর হরিণা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি কাভার্ড ভ্যানে ড্রামে থাকা ১ হাজার ৭শ কেজি জাটকা ও পাচারকারী রহিম, রাজু এবং তুহিনকে আটক করে।
অপরদিকে ভোরে শহরের ওয়ান মিনিট এলাকায় অভিযান করে নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল। তিনি ইজিবাইকে থাকা ১২০ কেজি জাটকাসহ আরিফ, রাসেল ও আনোয়ারকে আটক করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বাংলানিউজকে বলেন, দুটি অভিযানে আটকদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।