ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার কাউন্সিলের ২৫ মে’র নির্বাচন স্থগিত
Published : Sunday, 4 April, 2021 at 12:00 AM
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণ ও তদারকি সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন স্থগিত করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ কমিটির সংশ্লিষ্টদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য এ নির্বাচন স্থগিত করা হয়েছে। বার কাউন্সিলের বর্তমান কমিটির মেয়াদ আগামী জুনে শেষ হবে। তার আগেই এ নির্বাচন সম্পন্ন করার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ মার্চ) দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিল চেয়ারম্যান আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিনের স্বাক্ষরের পরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ১১ এপ্রিল, প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল।
বার কাউন্সিলের এই নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে সারাদেশের প্রায় ৫০ হাজার আইনজীবী তিন বছরের জন্য তাদের (আইনজীবী) প্রতিনিধি নির্বাচন করে থাকেন। বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে আজ সেই নির্বাচন স্থগিত করা হয়েছে।
বার কাউন্সিলের মানবাধিকার ও লিগ্যাল এইড-বিষয়ক কমিটির চেয়ারম্যান ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল জাগো নিউজকে বলেন, বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন।
এর মধ্যে সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।
বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দিচ্ছেন সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবীরা। বর্তমান কমিটিতে সরকার সমর্থিত আইনজীবী নেতা ১২ জন। আর বিএনপি সমর্থিত আইনজীবী দুটি পদে বিজয়ী হন।
পরবর্তীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।