কারাভোগ শেষে ফিরে যাচ্ছেন ৬১ ভারতীয় জেলে
Published : Wednesday, 31 March, 2021 at 12:00 AM
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তিন দফায় আটক ৬১ ভারতীয় জেলেকে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
আদালতের নির্দেশে মুক্ত এসব জেলেকে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে তুলে দেয় বাগেরহাট কারা কর্তৃপক্ষ।
বাগেরহাট কারাগারের জেলার এ কে এ এম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে প্রথম দফায় গত বছরের ৩ ডিসেম্বর কোস্টগার্ড সদস্যরা ‘এফ বি মা শিবানী’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর কোস্টগার্ড সদস্যরা ওই বছরের ২৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় ‘এফ বি মঙ্গলচ-ী-৭’ নামে একটি ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সর্বশেষ চলতি বছরের ৩১ জানুয়ারি কোস্টগার্ড সদস্যরা ‘এফ বি সঙ্খদ্বীপ’ ও ‘এফ বি স্বর্ণলতা’ নামে দুটি ফিশিং ট্রলারসহ আরও ২৮ জন ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠান। তিন দফায় আটক ৬১ ভারতীয় জেলে এতদিন বাগেরহাট কারাগারে ছিলেন বলেও বাগেরহাট কারাগারের জেলার জানান।