
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিনিয়োগবান্ধব পরিবেশসহ পারিপার্শ্বিক এলাকায় বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৪৭ কোটি ২১ লাখ টাকা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের এই সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।
মিরসরাইয়ে বিশাল চরাঞ্চল জুড়ে বঙ্গবন্ধু শিল্প পার্কের নির্মাণ কাজ শুরু হয়েছে। তাকে কেন্দ্র করে চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ স্থাপনের কাজ চলছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, এই শিল্প নগরীতে বেসরকারি বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে প্রকল্পটি অুনমোদন দেওয়া হয়েছে।
“এছাড়া প্রকল্পটির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরকে জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। সেবাভিত্তিক শিল্প এলাকার জন্য বেসরকারি খাতে একটি গতিশীল বাজার ব্যবস্থা তৈরি করা হবে।”
প্রকল্পের মোট ব্যয়ের ৩৭৯ কোটি ৭৪ লাখ টাকা সরকার নিজস্ব তহবিল থেকে দেবে। বিশ্ব ব্যাংক ঋণ সহায়তা হিসেবে জোগান দেবে ৩ হাজার ৯৬৭ কোটি টাকা।
২০২৫ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক বৈঠকে এটিসহ মোট ১১ হাজার ৩২৪ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।