
অস্ট্রেলিয়ার
বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে বাংলাদেশ ৮৬ রানের জয় পেয়েছে।
বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৮৪ রান। জবাবে অস্ট্রেলিয়া
৪২.২ ওভারে ৯ উইকেটে করে ১৯১ রান। এরপর বৃষ্টি হানা দিলে ডিএলএস পদ্ধতিতে
হারে অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস হারের কারণ
জানাতে গিয়ে বলেন, 'আমাদের দিক থেকে এটা বেশ হতাশাজনক একটি স্কোর ছিল।
স্পষ্টতই আমরা সম্ভবত চার-পাঁচটি ক্যাচও মিস করেছি। আর ২৮৪ রান যদি ২৩০ বা
২৪০-এর মতো হতো, তাহলে আমি মনে করতাম এটা খুবই চেজযোগ্য ছিল। কিন্তু
সামগ্রিকভাবে এটা একটা হতাশাজনক দিন ছিল।'
লক্ষ্য তাড়া করা নিয়ে ইংলিস
আরও বলেন, 'আলোচনাটা ছিল শুধু ক্রিকেট শট খেলা নিয়ে। আমি মনে করি উইকেটটা
বেশ ভালো ছিল। কিন্তু শুরুতেই দুইটি উইকেট হারানো আমাদের জন্য বড় ধাক্কা
ছিল। এরপর ইনিংসের বিভিন্ন সময়ে কিছু ব্যাটার সেট হয়েছিল, কিন্তু কেউই বড়
ইনিংস খেলতে পারেনি। আর আমাদের কোনো বড় জুটিও হয়নি, যেটা আমাদের কাছাকাছি
নিতে পারত।'
নাথান এলিসের পারফরম্যান্সের প্রশংসা করে ইংলিস বলেন, 'আমি
মনে করি নাথান আবারও অসাধারণ ছিল। খেলার তিনটি বিভাগেই সে খুব ভালো পারফর্ম
করেছে। সে তার ভ্যারিয়েশনগুলো দারুণভাবে ব্যবহার করেছে এবং ফিল্ড সেটিংও
খুব ভালোভাবে ম্যানেজ করেছে। তার দিনটা সত্যিই ভালো গেছে।'
