
রাষ্ট্র
কেবল একটি প্রশাসনিক কাঠামো নয়; এটি মানুষের সম্মিলিত জীবনব্যবস্থার
নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংগঠন। “রাষ্ট্র কী, কেন এবং কার জন্য”- এই
প্রশ্নগুলো রাজনৈতিক দর্শনের সূচনালগ্ন থেকেই আলোচিত হয়ে আসছে। রাষ্ট্র কি
কেবল নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার প্রতিষ্ঠান, নাকি নাগরিকের সার্বিক
কল্যাণ নিশ্চিত করাও তার দায়িত্ব? ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই প্রশ্নের
উত্তর ভিন্নভাবে দেওয়া হয়েছে।
প্রাচীন গ্রিসে দার্শনিক চষধঃড় তাঁর
বিখ্যাত গ্রন্থ ঞযব জবঢ়ঁনষরপ-এ যে আদর্শ রাষ্ট্রের ধারণা উপস্থাপন করেন, তা
রাজনৈতিক দর্শনের ইতিহাসে এক মৌলিক ভিত্তি স্থাপন করে। অপরদিকে আধুনিক
যুগে শিল্পবিপ্লব, গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং মানবাধিকারের প্রসারের
মধ্য দিয়ে “কল্যাণ রাষ্ট্র” ধারণার উদ্ভব ঘটে, যা রাষ্ট্রের ভূমিকা ও
দায়বদ্ধতাকে নতুন মাত্রা দেয়।
প্লেটোর আদর্শ রাষ্ট্র: ন্যায়, শৃঙ্খলা ও প্রজ্ঞার সমন্বয়
প্লেটোর
রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু হলো “ন্যায়”। তাঁর মতে, ন্যায় কেবল আইনি
কাঠামোর বিষয় নয়; এটি নৈতিক ও সামাজিক সামঞ্জস্যের অবস্থা। তিনি বলেন,
প্রত্যেকে যদি তার স্বভাবসিদ্ধ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এবং অন্যের
কর্মক্ষেত্রে অযথা হস্তক্ষেপ না করে, তবে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠিত হয়।
দায়িত্ববণ্টনের সুশৃঙ্খল প্রয়োগই তাঁর ন্যায়তত্ত্বের ভিত্তি।
প্লেটো
মানুষের আত্মাকে তিন ভাগে বিভক্ত করেন- যুক্তি (জবধংড়হ), উদ্যম (ঝঢ়রৎরঃ)
এবং কামনা (অঢ়ঢ়বঃরঃব)। রাষ্ট্রকাঠামোতেও তিনি এই ত্রিবিভাজনের প্রতিফলন
দেখান: ১. শাসক শ্রেণি (দার্শনিক-রাজা)- যুক্তিবাদী ও প্রাজ্ঞ ২. সহায়ক
শ্রেণি (রক্ষক বা সৈনিক)- সাহসী ও অনুগত ৩. উৎপাদক শ্রেণি (কৃষক, কারিগর,
ব্যবসায়ী)- অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত।
এই বিন্যাসের ভিত্তি মানুষের
স্বভাবগত যোগ্যতা। প্লেটোর মতে, জ্ঞান ও নৈতিক উৎকর্ষে যারা শ্রেষ্ঠ,
শাসনের দায়িত্ব তাদের হাতেই ন্যস্ত হওয়া উচিত। তাঁর বিখ্যাত উক্তি “টহঃরষ
ঢ়যরষড়ংড়ঢ়যবৎং ৎঁষব ধং শরহমংৃ পরঃরবং রিষষ যধাব হড় ৎবংঃ ভৎড়স বারষং”-
প্রাজ্ঞ ও নৈতিক নেতৃত্বের অপরিহার্যতার কথাই স্মরণ করিয়ে দেয়।
প্লেটোর
আদর্শ রাষ্ট্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি বিশ্বাস করতেন, সুশাসনের
ভিত্তি সুশিক্ষা। দীর্ঘমেয়াদি দার্শনিক প্রশিক্ষণ, আত্মসংযম এবং নৈতিক
উৎকর্ষের মাধ্যমে শাসকদের প্রস্তুত করার যে ধারণা তিনি দিয়েছেন, তা এমন এক
নেতৃত্ব তৈরির প্রয়াস- যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সামষ্টিক কল্যাণে
নিবেদিত থাকবে। দার্শনিক-রাজার মধ্যে তিনি জ্ঞান, প্রজ্ঞা, সাহসিকতা,
ন্যায়পরায়ণতা, সংযম ও আত্মনিয়ন্ত্রণের সমন্বয় প্রত্যাশা করেছিলেন।
তবে
প্লেটোর রাষ্ট্রে গণতান্ত্রিক অংশগ্রহণ সীমিত। সাধারণ জনগণের রাজনৈতিক
সিদ্ধান্ত গ্রহণে সরাসরি ভূমিকা নেই। ফলে তাঁর আদর্শ রাষ্ট্র নৈতিকভাবে
উচ্চ হলেও কাঠামোগতভাবে অভিভাবকতান্ত্রিক।
আধুনিক কল্যাণ রাষ্ট্র: মানবিক দায়িত্বের বিস্তার
উনিশ
শতকের শিল্পবিপ্লব ইউরোপীয় সমাজে তীব্র বৈষম্য ও শ্রমিক শোষণের জন্ম দেয়।
পুঁজিবাদী অর্থনীতির একমুখী বিকাশ ধনী-গরিবের ব্যবধান বাড়িয়ে তোলে। এই
প্রেক্ষাপটে রাষ্ট্রের ভূমিকা নতুনভাবে বিবেচিত হয়। রাষ্ট্র কেবল
আইন-শৃঙ্খলা রক্ষাকারী শক্তি নয়; বরং সামাজিক নিরাপত্তা ও নাগরিকের সার্বিক
কল্যাণে সক্রিয় অংশীদারে পরিণত হয়।
কল্যাণ রাষ্ট্রের প্রধান
বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে- মৌলিক অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ও
স্বাস্থ্যসেবার সার্বজনীন ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আয়বৈষম্য
হ্রাসে নীতি গ্রহণ এবং জবাবদিহিতামূলক শাসন। এখানে রাষ্ট্র একটি সক্রিয়
নৈতিক সত্তা, যার দায়িত্ব নাগরিকের জীবনমান উন্নয়ন। এই কাঠামো গণতান্ত্রিক
ভিত্তির ওপর দাঁড়িয়ে, যেখানে জনগণই ক্ষমতার উৎস।
তুলনামূলক বিশ্লেষণ: আদর্শবাদ ও বাস্তবতা
প্লেটোর
আদর্শ রাষ্ট্র এবং আধুনিক কল্যাণ রাষ্ট্রের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
প্লেটো নৈতিক ও জ্ঞানভিত্তিক অভিজাত নেতৃত্বে আস্থা রেখেছিলেন; আধুনিক
কল্যাণ রাষ্ট্র জনগণের অংশগ্রহণ, সমঅধিকার ও প্রতিনিধিত্বমূলক শাসনে
বিশ্বাস করে।
তবে মিলও কম নয়। উভয় ধারণায় সামষ্টিক কল্যাণকে অগ্রাধিকার
দেওয়া হয়েছে; নৈতিকতা, দায়িত্ববোধ এবং শাসকের চরিত্রগত উৎকর্ষকে গুরুত্ব
দেওয়া হয়েছে। প্লেটোর রাষ্ট্র ছিল দার্শনিক আদর্শনির্ভর; আধুনিক কল্যাণ
রাষ্ট্র নীতিনির্ভর ও বাস্তবমুখী। প্লেটো নৈতিক নেতৃত্বকে মুখ্য শর্ত
হিসেবে দেখেছেন; আধুনিক রাষ্ট্রতত্ত্ব সেই ধারণার সঙ্গে যুক্ত করেছে
গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন।
প্লেটোর রাষ্ট্রে সামাজিক শৃঙ্খলা
ব্যক্তিস্বাধীনতার তুলনায় অধিক গুরুত্বপূর্ণ ছিল। আধুনিক কল্যাণ রাষ্ট্র
ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক ন্যায়ের মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়াস চালায়।
দার্শনিক-রাজা ধারণা আজ সরাসরি প্রয়োগযোগ্য না হলেও জ্ঞানভিত্তিক, নৈতিক ও
দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
বাংলাদেশের প্রেক্ষাপট: চ্যালেঞ্জ ও সম্ভাবনা
বাংলাদেশ
সংবিধানগতভাবে একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র। সংবিধানে সামাজিক
ন্যায়, সাম্য ও মানবিক মর্যাদার প্রতিশ্রুতি সুস্পষ্ট। স্বাধীনতার পর দেশটি
অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস ও মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি অর্জন
করেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার
রিজার্ভ সংকট, ঋণের চাপ, বেকারত্ব বৃদ্ধি, আয়বৈষম্য, প্রশাসনিক দুর্নীতি
এবং গণতান্ত্রিক চর্চার দুর্বলতা ইত্যাদি চ্যালেঞ্জ স্পষ্ট।
এই
পরিস্থিতিতে প্লেটোর ন্যায়ভিত্তিক ও নৈতিক নেতৃত্বের ধারণা নতুন তাৎপর্য
পায়। তিনি সতর্ক করেছিলেন-শাসক যদি লোভ, ক্ষমতালিপ্সা ও অজ্ঞতার দ্বারা
পরিচালিত হয়, তবে রাষ্ট্র অবক্ষয়ের দিকে ধাবিত হবে।
বর্তমান
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক সংযম ও সুশাসনের
লক্ষ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন। সাদামাটা উপস্থিতি, চলাফেরায় বিশেষ প্রটোকল
পরিহার এবং সরকারি সুবিধা ব্যবহারে সংযম- এসব উদ্যোগ রাষ্ট্রীয় ব্যয়
নিয়ন্ত্রণ ও নৈতিক বার্তা প্রদানের প্রচেষ্টা হিসেবে উৎসাহব্যঞ্জক।
সরকারের
১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় আইন-শৃঙ্খলা উন্নয়ন, দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ সচল রাখা এবং দুর্নীতি দমনকে গুরুত্ব দেওয়া
হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি প্লেটোর ন্যায়বোধ এবং আধুনিক
কল্যাণ রাষ্ট্রচিন্তার সাথে সামঞ্জস্যপূর্ণ।
দশ হাজার টাকা পর্যন্ত
কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং কৃষক কার্ডের মতো উদ্যোগ
লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদারে সহায়ক হতে পারে। তবে এসব কর্মসূচির
দীর্ঘমেয়াদি সফলতা নির্ভর করবে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকর বাস্তবায়নের
ওপর।
ভবিষ্যৎ পথরেখা: তত্ত্ব থেকে বাস্তব প্রয়োগ
দীর্ঘদিনের
অগণতান্ত্রিক শাসন, লুটেরা অর্থনীতি ও অপতথ্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত এক
জনবহুল দেশে কার্যকর কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা সহজ নয়। বর্তমান অর্থনৈতিক
বাস্তবতায় রাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক
নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করা। অদক্ষ ব্যয় অর্থনীতিকে চাপের মুখে
ফেলতে পারে; আবার সামাজিক সুরক্ষা সংকুচিত হলে প্রান্তিক জনগোষ্ঠী
ক্ষতিগ্রস্ত হবে।
রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, কর ফাঁকি রোধ, উৎপাদনশীল খাতে
বিনিয়োগ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে ভারসাম্যপূর্ণ
নীতি গ্রহণই হতে পারে কার্যকর পথ।
বাংলাদেশের বাস্তবতায় কল্যাণ রাষ্ট্র
নির্মাণ কেবল কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে সম্ভব নয়; প্রয়োজন
দুর্নীতিমুক্ত প্রশাসন, মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি, স্বচ্ছ অর্থনৈতিক
নীতি এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা।
প্লেটোর রাষ্ট্রে শিক্ষার ওপর যে
গুরুত্ব আরোপ করা হয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রেও টেকসই উন্নয়নের জন্য তা
সমানভাবে অপরিহার্য। দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ
বৃদ্ধি ছাড়া দীর্ঘমেয়াদি অগ্রগতি সম্ভব নয়।
আধুনিক কল্যাণ রাষ্ট্রের
অন্যতম শক্তি নাগরিক অংশগ্রহণ। মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম এবং
সক্রিয় নাগরিক সমাজ রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় রাখে। বাংলাদেশের
ক্ষেত্রেও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চর্চাকে আরও শক্তিশালী করা জরুরি।
উপসংহারে
বলা যায়- প্লেটোর আদর্শ রাষ্ট্র নৈতিক ও প্রজ্ঞাভিত্তিক শাসনের কল্পরূপ,
যেখানে ন্যায় প্রতিষ্ঠাই মুখ্য লক্ষ্য। আধুনিক কল্যাণ রাষ্ট্র সেই ন্যায়কে
সামাজিক ও অর্থনৈতিক নীতির মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করে। বাংলাদেশের
প্রেক্ষাপটে এই দুই ধারণার সৃজনশীল সমন্বয় জরুরি। রাষ্ট্র পরিচালনায়
নৈতিকতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে অর্থনৈতিক সংকট মোকাবিলা সহজ হবে
এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে। প্রাচীন দর্শন স্মরণ করিয়ে
দেয়—জ্ঞান, নৈতিকতা ও সুশাসনের সমন্বয় ছাড়া প্রকৃত কল্যাণ অর্জন সম্ভব নয়।
তাই ন্যায়ভিত্তিক আদর্শ ও মানবিক কল্যাণের সমন্বয়ই হতে পারে একটি
শক্তিশালী, ন্যায়নিষ্ঠ ও টেকসই বাংলাদেশের ভিত্তি।
লেখক- সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান
কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ
