
ক্রীড়া প্রতিবেদক। ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ এর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়েছে কুমিল্লা জেলা দল। ময়মনসিংহে অনুষ্ঠিত ৫০ ওভারের এ ম্যাচে তারা নরসিংদীকে ১২৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা শুরুটা সাবধানী করলেও মাঝের ওভারে ব্যাটসম্যানদের দাপটে বড় সংগ্রহ গড়ে তোলে। ওপেনার এয়াসিন আরাফাত ৯৪ বলে ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তিন নম্বরে নামা ইরফান সাব্রি ছিলেন সবচেয়ে আক্রমণাত্মক, তিনি ৬৩ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন, যেখানে ছিল একাধিক চার ও ছক্কা। মিডল অর্ডারে মো. শাহ পরান ৪৭ বলে ৬০ রান করে রানরেট বাড়িয়ে দেন। শেষ দিকে এয়াসিন হোসেন ৪২ বলে ৫০ রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ৩১৮ রান।
নরসিংদীর হয়ে সাইফুল ইসলাম, আকাশ দাস ও জাকারিয়া মাসুদ চেষ্টা করলেও কুমিল্লার ব্যাটসম্যানদের রুখতে পারেননি পুরোপুরি।
৩১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নরসিংদী। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় জুটি গড়া সম্ভব হয়নি। সামিন করিম একপ্রান্ত আগলে রেখে ১০৬ বলে ৭৬ রানের লড়াকু ইনিংস খেলেন।
আরিয়ান ফাহিম ৩৩ ও শাদিন খান ২৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
তবে কুমিল্লার বোলাররা ধারাবাহিকভাবে আঘাত হানতে থাকেন। ওমর রেজা ১০ ওভারে ৪০ রানে ৩ উইকেট নিয়ে বোলিং আক্রমণে নেতৃত্ব দেন।
ইয়াসিন হোসেন ও আশরাফুল হাসান ২টি করে উইকেট শিকার করেন। ইয়াসির আরাফাতও গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলে নেন। ফলে নরসিংদী ৪০.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়।
ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে কুমিল্লা ১২৫ রানের বড় জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান জানান দেয় কুমিল্লা জেলা দল।