জুলাই
আন্দোলনের বীর যোদ্ধা, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের
মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং ৫ নভেম্বর ২০২৫ চট্টগ্রাম-৮ আসনে বিএনপি
মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে
সন্ত্রাসী আখ্যা দেওয়ার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
দুপুরে কুমিল্লা কান্দিরপাড় দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়।
এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত
সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল বিএনপি, কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর বিএনপি। সমাবেশে
বক্তারা বলেন, রাজনৈতিকভাবে জনপ্রিয় ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের
বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার গণতন্ত্র ও
রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
বক্তারা আরও বলেন, শরীফ ওসমান হাদী ও
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে গণমানুষের পক্ষে রাজনীতি করে আসছেন। তাদের
বিরুদ্ধে সন্ত্রাসী তকমা দেওয়ার অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে।
বিক্ষোভ
মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা
মনিরুল হক চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাবেক
আহ্বায়ক আমিরুজ্জামান আমিরসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের
নেতৃবৃন্দ।
