ঢাকা-চট্টগ্রাম
রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার
(১৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর
নোয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
করে বুড়িচং থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান। তিনি জানান, উপজেলার রাজাপুর
রেলস্টেশনের দক্ষিণ আউটার এলাকায় ঈদগাহ সংলগ্ন স্থানে ট্রেনে কাটা একটি
মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
অজ্ঞাত ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল
থেকে যুবকের একটি কাপড়ের ব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
রাতের যে কোনো এক সময়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। উদ্ধারকৃত মরদেহ রেলওয়ে
পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল
কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের
পরিচয় শনাক্ত করা যায়নি।
