শারদীয়
দুর্গাপূজার আজ বিজয়া দশমী। শাস্ত্রীয় মতে দর্পন ও প্রতিমা বিসর্জনের মধ্য
দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা
পূজা। আগামীর শরতে আবারও মাকে মর্ত্যে আসার প্রত্যাশা নিয়ে আজ অশ্রæসিক্ত
নয়নে এক বছরের জন্য মর্ত্যলোক থেকে মাকে বিদায় জানাবেন ভক্তরা।
আজ
বৃহস্পতিবার (২ অক্টোবর) পঞ্জিকার তিথি অনুসারে বিকাল ৩টা ২৪ মিনিটের মধ্যে
দেবীর দশমীর বিহিত পূজা ও সমাপনান্তে দেবীর শাস্ত্রীয় দর্পন বিসর্জন।
শাস্ত্রীয় দর্পন বিসর্জন হলো দেবীর আত্মার বিসর্জন, যা দুর্গা পূজার
আনুষ্ঠানিক সমাপ্তি বুঝায় এবং দেবীকে এক বছরের জন্য বিদায় জানানোর একটি
প্রতীকী প্রক্রিয়া। দেবীর দর্পন বিসর্জনের পর সনাতন ধর্মাবলম্বী নারীরা
মন্ডপে মন্ডপে মাকে সিঁদুর পড়াবেন। সিঁদুর খেলায় মেত উঠবেন নারীরা। পরে
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসবের জন্য অপেক্ষা
করবে আরও একটি বছর। প্রতিমা বিসর্জনে সরকার নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন
বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত।
গতকাল বুধবার মহানবমীতে সকালে মহানবমীর
কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। মন্দির,
মণ্ডপে যেন মিলেমিশে আনন্দের সাথে বেদনার সুর। দেবীর বন্দনায় ছিল ভিন্ন এক
আবহ। প‚জার উদ্যাপন আর দেবীকে বিদায়ের সুর বেজেছে ভক্তের হৃদয়ে। পূজা শেষে
ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। ভক্তদের হৃদয়ে মগ্নতা আনতেই যেন এল
দুপুরের পর থেকে বৃষ্টি। কুমিল্লার প্রতিটি পূজা মণ্ডপে নবমীর উৎসব ছিল
চোখে পড়ার মতো।
কুমিল্লা মহানগরীর সনাতন ধর্মাবলম্বীরা যেমন ছুটে গেছেন
এক পূজা মন্ডপ থেকে অপর দিকে জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকেও
এসেছেন শহরের পূজা দেখতে। মহানগরীর কাল্যায়নী কালী মন্দিরের প্রধান ফটকে
প্রবেশ করেই হাতের ডান পাশে কাপড়ের তোরণ। বাঁশের বেরিয়ালে এক পাশে নারী অপর
পাশে পুরুষের প্রবেশদ্বার। ভিতরে প্রবেশ করতেই অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশে
সোনালী রংয়ের মায়ের প্রতিমা দর্শন। এর সাথে ক্যামেরা বন্দি করতে ভুল করছেন
না ভক্ত-দর্শনার্থীরা। ভিড় সামলাতে ব্যস্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে
স্বেচ্ছাসেবকরাও।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কুমিল্লা জেলা
ভারপ্রাপ্ত সভাপতি নির্মল পাল ট্রাস্টি জানান- অষ্টমীর বিকেল থেকেই জেলার
বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। নবমীর দিনেও আকাশ মেঘাচ্ছন্ন থাকার
পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি ছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে মন্দিরে মন্দিরে
ভিড় জমায় ভক্ত-দর্শনার্থীরা। নবমীতে মায়ের বিদায়ের সুর বেজে উঠে। মহানবমীতে
মন্ডপগুলোতে ভিড় আছে, উৎসব আছে, তবু দেবীকে বিদায়ের রাগিণী বেজে উঠেছে
ভক্তদের মনে।
এ বছর কুমিল্লা মহানগরীসহ ১৭টি উপজেলার ৭৯৭টি পূজা মন্ডপে এক যোগে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
