কুমিল্লা
জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে
কুমিল্লা নগরীর স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কুমিল্লা। মঙ্গলবার দুপুরে
জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন করে সংগঠনটির সদস্য ও সাধারণ
মানুষ। পরে কুমিল্লা জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে সেবার মানোন্নয়ন এবং
১০০ শয্যা থেকে ২৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবিতে জেলা প্রশাসক মোঃ
আমিরুল কায়সার ও সিভিল সার্জন আলী নূর মোঃ বশির আহমেদ বরাবর স্মারকলিপি
প্রদান করা হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক
কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি
উদবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান
মাহমুদ ওয়াসিম।
এর আগে দৈনিক কুমিল্লার কাগজে এ 'অবকাঠামো গত সংকটে ধুঁকছে কুমিল্লা সদর হাসপাতাল ' শিরোনামে খবর প্রকাশিত হয়।
এরপরই
এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের উদ্যোগ নেয় সংগঠনটি। স্মারকলিপিতে
উল্লেখ করা হয়, কুমিল্লা অন্যতম সরকারি সেবা প্রতিষ্ঠান কুমিল্লা জেনারেল
হাসপাতাল যা কুমিল্লা সদর হাসপাতাল নামে পরিচিত। যেখানে কুমিল্লা নগরীসহ
জেলার বিভিন্ন উপজেলা থেকে রোগীরা সরকারি খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ,
পরীক্ষা- নিরীক্ষা, অস্ত্রোপচারসহ হাসপাতালের সেবা নিতে আসে। কিন্তু সময়ের
সাথে সাথে হাসপাতালে রোগী ও চিকিৎসক বাড়লেও প্রয়োজন অনুসারে সেখান ভবন
স্থাপন হয় নি। যে কারনে রোগীর চাপ সামলাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
বহির্বিভাগ ও আন্তঃ বিভাগে অস্বাস্থ্যকর পরিবেশেই মানুষ সেবা নিতে বাধ্য
হয়।
মানবন্ধনে মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যা ও মহানগর
বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, পরিতাপের বিষয়, এ হাসপাতালে
পর্যাপ্ত সংখ্যক শয্যা নেই। যন্ত্রপাতিও কম। গরিব শ্রমিক মেহনতি মানুষ
যন্ত্রপাতির অভাবে এ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করাতে পারছে না। কুমিল্লা
নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই হাসপাতালে অসংখ্য রোগী আসেন। কিন্তু তাঁদের
নানা অজুহাতে এই হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়। ফলে এখান থেকে যানজট ঠেলে
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে যেতে বেগ পেতে হয়। অনেকে
প্রত্যাশিত সেবা না পেয়ে পথেই মারা যান। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত
এই হাসপাতালে শয্যা বাড়ানোর জোর দাবি জানাচ্ছে মানবিক কুমিল্লা। একই সঙ্গে
অবকাঠামো বৃদ্ধি, চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে
অংশ নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ
ওয়াসিম বলেন, চিকিৎসাসেবা আমার অধিকার। আমরা চাই এই হাসপাতাল সার্বক্ষণিক
পরিচ্ছন্ন থাকুক। এখানে সার্বক্ষণিক আইসিইউ, সিসিইউ ও এনআইসিইউ চালু রাখতে
হবে। দালাল চক্র নির্মূল করতে হবে। অভিজ্ঞ চিকিৎসক দিয়ে সেবার মান বাড়াতে
হবে। রোগীদের খাবারের মান বাড়াতে হবে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আইসিইউ ও এনআইসিইউ ওষুধ সরবরাহ বৃদ্ধি ও জরুরি সেবা বাড়াতে হবে। অন্তত ২৫০
শয্যার হাসপাতালের দাবি জানাই।
সিভিল সার্জন আলী নূর মোঃ বশির আহমেদ
বলেন, কুমিল্লা জেলার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করনের জন্য একটি আবেদন
মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শয্যা সংখ্যা বাড়ানোর অনুমতি ও
বরাদ্দ পেলে ভবন ও জনবল কাঠামো রূপান্তর হবে। আমরা আশা করছি স্বাস্থ্য
মন্ত্রণালয় কুমিল্লা জেনারেল হাসপাতালের দিকে সুনজর দেবেন।
