জুলাই-আগস্টে
ছাত্র জনতার আন্দোলন চলাকালে কুমিল্লার দেবিদ্বারে গুলিবিদ্ধ হয়ে নিহত পৌর
স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় আব্দুল কুদ্দুস
নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ি থেকে
তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কুদ্দুস পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর
রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহার নামীয় আসামী না হলেও ঘটনার ভিডিও ও ছবি
দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
আ. কুদ্দুসকে (৫০) দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের
মৃত. মজু মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
দেবিদ্বার
থানা পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার নিউমার্কেট এলাকায়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর
রাজ্জাক রুবেলকে গুলি ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত আব্দুর
রাজ্জাক রুবেলের মা হোসনেরা আরা বেগম বাদি হয়ে দেবিদ্বার থানায় ও আবুল
কাশেম নামে এক বিএনপি নেতা কুমিল্লা আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন।
দেবিদ্বার
থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন
সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আ. কুদ্দুস
রুবেল হত্যা মামলার এহজার নামীয় আসামী না হলেও তাকে ভিডিও ফুটেজে দেখে
শনাক্ত করা হয়েছে। তিনি গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনকারীদের বিরোধী আন্দোলনে হামলার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে
গ্রেপ্তার করে দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমেকারাগারে পাঠানো হয়েছে।
