ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্টয়নিস ‘সুনামি’
Published : Wednesday, 26 October, 2022 at 12:00 AM
স্টয়নিস ‘সুনামি’ কথায় বলে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের জন্য এ কথাটা আরো বেশি করে প্রযোজ্য। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে বারবার পিছু হটতে হয়েছে ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের জন্য। এরপর মার্কাস স্টয়নিস এসে রীতিমতো সুনামি বইয়ে দিলেন লঙ্কান বোলারদের ওপর।
সেই ঝড় গ্রাস করল দ্বীপরাষ্ট্রকে। এলোমেলো হয়ে গেল লঙ্কান বোলিং অ্যাটাক।  চলতি আসরে প্রথম জয় পেল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা হেরে গেল ৭ উইকেটে।
রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল নড়বড়ে। লঙ্কান পেসারদের দাপট দেখা যায় মঙ্গলবার পার্থে। পঞ্চম ওভারে দলীয় ২৬ রানেই মহেশ থিকশানার বলে শানাকার তালুবন্দি হন একবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া ডেভিড ওয়ার্নার (১০)। নতুন ব্যাটার মিচেল মার্শ ব্যক্তিগত ৪ রানে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান। তবে এ জন্য খুব বেশি মূল্য চোকাতে হয়নি। ১৭ বলে ১৮ করে মার্শ ক্যাচ দিয়ে ফেরেন ধনাঞ্জয়ার বলে। উইকেটে এসেই মারমুখী মেজাজে ধরা দেন গ্লেন ম্যাক্সওয়েল। এই বিধ্বংসী ব্যাটারের সৌজন্যেই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া।
করুনারত্নের করা ১৩তম ওভারের প্রথম বলে ক্যাচ দিয়ে বেঁচে যান অ্যারন ফিঞ্চ। পরের বলেই ক্যাচ তুলে দেন ম্যাক্সওয়েল। সীমানার ওপর বদলি ফিল্ডার আশান বান্দারা অসাধারণ দক্ষতায় ক্যাচটি তালুবন্দি করে ফেরত পাঠান ১২ বলে ২৩ করা ম্যাক্সওয়েলকে। উইকেটে এসেই আক্রমণ শুরু করেন মার্কাস স্টয়নিস। বিধ্বংসী ব্যাটিংয়ে ১৭ বলে ৪টি চার আর ৫টি ছক্কায় তুলে নেন ফিফটি। ২১ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ১৮ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন স্টয়নিস। ইনিংসে যোগ হয় আরো একটি ছক্কা। অন্যদিকে ধীরগতির ব্যাটিংয়ে ৪২ বলে ৩১ রানে অপরাজিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ।